বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ০৪:০৯:৩২

দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ

দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে বিস্ফোরণে চার মিলিয়ন ব্যারেলের বেশি তেলবাহী দুটি সুপারট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। অনুমোদনহীন পথে চলাচল না করতে বারবার সতর্ক করার পরও নির্দেশনা অমান্য করায় বুধবার (১১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালির দক্ষিণ অংশ দিয়ে চলাচলের সময় জাহাজ দুটিকে তাদের ট্রাফিক নিয়ন্ত্রণকেন্দ্র থেকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। পরে বড় ধরনের বিস্ফোরণের পর ট্যাংকার দুটি থামিয়ে দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি সুপারট্যাংকার এবং সেগুলোতে সম্মিলিতভাবে ৪০ লাখ ব্যারেলের বেশি তেল ছিল। তবে ট্যাংকার দুটির নাম, মালিকানা কিংবা বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আইআরজিসি নৌবাহিনীর অভিযোগ, জাহাজ দুটি মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা করছিল। সংস্থাটি সতর্ক করে বলেছে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে কোনো জাহাজ নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে মার্কিন বাহিনীর সহযোগিতায় দক্ষিণাঞ্চলীয় পথ ব্যবহার করলে একই পরিণতির মুখে পড়তে পারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক তেল ও পণ্য সরবরাহের বড় অংশ পরিবাহিত হয়। এ পথের নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। পরে এপ্রিলে যুদ্ধবিরতি হলেও আলোচনা স্থবির হয়ে পড়ায় দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা ও সংঘাত দেখা দেয়। সূত্র: আনাদোলু এজেন্সি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।