আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে সোনার দাম এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বুধবার (১৮ নভেম্বর) সোনার দাম ২ শতাংশের বেশি কমেছে। যুক্তরাষ্ট্রের শক্তিশালী ডলার এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা এ পতনের প্রধান কারণ।
বুধবার সন্ধ্যার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ২ দশমিক ৩৭ শতাংশ কমে ৩ হাজার ৭৬৭ ডলারে নেমে আসে। এর আগে দিনের লেনদেনে দাম নেমে ৩ হাজার ৭৫৭ ডলারে পৌঁছায়। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই সোনার সর্বনিম্ন দাম। তাছাড়া চলতি মাসের ৪ নভেম্বর প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ১০২ ডলার। এই হিসাবে গত ১৪ দিনে প্রতি আউন্স সোনায় দাম কমছে ৩৩৫ ডলার।
বিশ্ববাজারে সোনা লেনদেন হয় আউন্স হিসেবে। এক আউন্স সোনায় ২৮ দশমিক ৩৫ গ্রাম হয়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে হয় এক ভরি। এ হিসাবে এক আউন্স সোনায় ২ দশমিক ৪৩ ভরি হয়।
সুইসকোটের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, শক্তিশালী ডলার এবং আগামী কয়েক মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা সোনার দামের ওপর চাপ তৈরি করছে।
ডলারের বিনিময়মূল্য ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে। এতে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত সোনা কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।
মঙ্গলবার ফেডের কর্মকর্তাদের বক্তব্যেও সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেছেন, মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংককে আবারও সুদের হার বাড়াতে হতে পারে। অন্যদিকে সেন্ট লুইস ফেডের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেমের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরও কয়েক দফা সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা দেখছেন বাজারের ৯৫ শতাংশ অংশগ্রহণকারী। ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা রয়েছে প্রায় ৫ শতাংশ।
সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। বুধবার স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ৩ দশমিক ৪ শতাংশ কমে ৪৫ ডলার ৭৯ সেন্টে নেমেছে। দিনের লেনদেনে এর দাম ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। সূত্র: রয়টার্স