এমটিনিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে পৃথক প্রজ্ঞাপন বা আদেশ জারি করতে হবে। এ জন্য অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। চলতি সপ্তাহের মধ্যেই শিক্ষকদের জন্য পৃথক গেজেট জারির চেষ্টা করছে অর্থ বিভাগ।
সোমবার (১৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা প্রয়োজন। এ অর্থ বরাদ্দের জন্য অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দে সম্মতি মিললেও নতুন পে-স্কেল কার্যকর করতে পৃথক প্রজ্ঞাপন বা আদেশ জারি করা জরুরি।
সূত্র জানায়, বিষয়টির গুরুত্ব বিবেচনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক এক দিনের মধ্যে আদেশ জারির অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে আরেকটি চিঠি পাঠিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার বিষয়টি গেজেট আকারে প্রকাশের কাজ করছে অর্থ বিভাগ।
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক গেজেট দ্রুত জারির জন্য অর্থ বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের চেষ্টা করছে অর্থ বিভাগ। আশা করছি, এ সপ্তাহেই শিক্ষকদের সুখবর দিতে পারব।’
এদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতার জন্য প্রয়োজনীয় অর্থের হিসাব তৈরির কাজ চলছে। এ সপ্তাহেই সেই হিসাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানায়, নতুন পে-স্কেল বাস্তবায়নে কত টাকা প্রয়োজন হবে, তা নির্ধারণের কাজ চলছে। আগামী বুধবারের মধ্যে হিসাব চূড়ান্ত করার চেষ্টা রয়েছে। এরপর বৃহস্পতিবারের মধ্যে তথ্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘হিসাব তৈরির কাজ প্রায় শেষ। আশা করছি, চলতি সপ্তাহের মধ্যে তথ্য মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হবে।’
অন্যদিকে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন দিতে প্রায় ২ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চিঠি পাঠিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি সূত্র জানায়, মাদ্রাসা অধিদপ্তর নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত ২ হাজার কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছে। তবে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এখনো প্রয়োজনীয় অর্থের হিসাব পাঠানো হয়নি। দুই অধিদপ্তরের তথ্য একত্র করে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হবে।
এ বিষয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে এখনো অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়নি। মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের জন্য যে অর্থ প্রয়োজন হবে, তা একত্র করে একটি চিঠি অর্থ বিভাগে পাঠানো হবে।’