আন্তর্জাতিক ডেস্ক : একসময় মাসে বেতন পেতেন মাত্র সাড়ে ৪ হাজার টাকা। সেই চাকরি ছেড়ে স্ত্রীর জমানো টাকা দিয়ে ব্যবসা শুরু করেন ভারতের উত্তর প্রদেশের কৃষ্ণা গ্রোভার। এখন তার প্রতিষ্ঠানের মাসিক বিক্রির গতি প্রায় ২ কোটি টাকা। বৈদ্যুতিক স্কুটারের ব্যবসা গড়ে তুলে ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে দিয়েছেন ৫৫০টির বেশি শোরুম।
কৃষ্ণার প্রতিষ্ঠান ‘হেরাল্ড ই-বাইক’। ভারতের গাজিয়াবাদভিত্তিক এই প্রতিষ্ঠান বৈদ্যুতিক দুই চাকার যান তৈরি ও বাজারজাত করে। বর্তমানে তাদের পণ্যের তালিকায় রয়েছে ৩৪টি মডেলের ইলেকট্রিক স্কুটার।
কৃষ্ণার কর্মজীবন শুরু হয় ২০০৫ সালে। তখন তার মাসিক বেতন ছিল ৩ হাজার ৫০০ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৬৭০ টাকা। পরবর্তী সময়ে কাজের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে এগিয়ে যান তিনি। ২০১৪ সালে একটি আন্তর্জাতিক বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পর্যায়ের পদে কাজ শুরু করেন।
তবে নিজের ব্যবসা গড়ার ইচ্ছা থেকে একসময় চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এ ক্ষেত্রে বড় সহায়তা করেন তার স্ত্রী রিতিকা। নিজের জমানো টাকা দিয়ে স্বামীর ব্যবসা শুরুর উদ্যোগে পাশে দাঁড়ান তিনি।
২০১৮ সালে ‘কৃষিকা সার্ভিসেস’ নামে ব্যবসার যাত্রা শুরু করেন কৃষ্ণা। পরে ২০২২ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি ‘কৃষিকা ইভি ইন্ডিয়া’ নামে নিবন্ধিত হয়। তার সাবেক সহকর্মী ও বন্ধু বিনয় কুমারও ব্যবসায় অংশীদার হিসেবে যুক্ত হন।
ব্যবসার শুরুতে ভারতের ছোট ও মাঝারি শহরগুলোকে লক্ষ্য করেন তারা। এসব এলাকার ক্রেতাদের মধ্যে বৈদ্যুতিক স্কুটার নিয়ে আগ্রহ থাকলেও পণ্যের মান, ব্যাটারির স্থায়িত্ব ও বিক্রয়-পরবর্তী সেবা নিয়ে সংশয় ছিল। সেই আস্থা তৈরিতে ব্যাটারি ও মোটরের জন্য পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়ার ব্যবস্থা করে প্রতিষ্ঠানটি।
বর্তমানে হেরাল্ড ই-বাইকের ৩৪টি মডেলের মধ্যে ২৩টি কম গতির এবং ১১টি বেশি গতির স্কুটার। ভারতের বিভিন্ন এলাকায় তাদের ৫৫০টির বেশি সক্রিয় শোরুম রয়েছে। নিজস্ব বড় উৎপাদন অবকাঠামো গড়ে তোলার পরিবর্তে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে উৎপাদনের কাজ করিয়ে ব্যবসা সম্প্রসারণ করেছে তারা।
দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় ছিল ৭৮ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৪ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ১ কোটি ৯০ লাখ রুপি বা প্রায় ২ কোটি ৫৩ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে আয় হয় ৭ কোটি ৮০ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৪১ লাখ টাকা।
বর্তমানে প্রতিষ্ঠানটির মাসিক আয়ের গতি প্রায় ১ কোটি ৫০ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা। ২০২৬-২৭ অর্থবছরে ২০ কোটি রুপি বা প্রায় ২৬ কোটি ৭০ লাখ টাকা বার্ষিক আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
ভারতের বাজার ছাড়িয়ে নেপাল ও শ্রীলঙ্কাতেও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে হেরাল্ড ই-বাইকের। ২০২৯ সালের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্যও রয়েছে প্রতিষ্ঠানটির।
নোট: বাংলাদেশ ব্যাংকের ১৯ নভেম্বর ২০২৬-এর বিনিময় হার অনুযায়ী, ১ ভারতীয় রুপি প্রায় ১ টাকা ৩৩ পয়সা। সেই হিসাবে টাকার অঙ্কে প্রতিবেদনটি সাজানো হয়েছে। সূত্র: দ্য ইকোনমিক টাইমস, এনডিটিভি প্রফিট