আন্তর্জাতিক ডেস্ক : পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও ডিজিটাল করতে নতুন ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা ব্যবস্থা চালু করেছে মালদ্বীপ। এখন থেকে দেশটিতে ভ্রমণে যাওয়া আন্তর্জাতিক পর্যটকরা ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক ভিসা পাবেন। ফলে পাসপোর্টে প্রচলিত ভিসার সিল দেওয়ার পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে ভিসার তথ্য সংরক্ষণ করা হবে।
মালদ্বীপের অভিবাসন বিভাগ গত ২৪ নভেম্বর এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে দেশটির রাজধানী মালের কাছে অবস্থিত ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে যোগ্য আন্তর্জাতিক যাত্রীদের জন্য স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ গেট বা ই-গেট চালু করা হয়েছে।
সরকারের ‘মালদ্বীপ ২.০’ উদ্যোগের আওতায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এর লক্ষ্য দেশটির সরকারি সেবাগুলো আধুনিকায়ন ও ডিজিটাল করা।
নতুন নিয়ম অনুযায়ী, পর্যটনের উদ্দেশ্যে মালদ্বীপে প্রবেশের অনুমতি পাওয়া বিদেশি পর্যটকরা ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার পর স্বয়ংক্রিয়ভাবে ই-ভিসা পাবেন। যারা ই-গেট ব্যবহার করবেন, তাদের পাশাপাশি প্রচলিত ইমিগ্রেশন কাউন্টার ব্যবহারকারী যাত্রীরাও এ সুবিধার আওতায় থাকবেন।
ভিসার অনুমোদিত মেয়াদসহ প্রয়োজনীয় তথ্য পর্যটকদের ই-মেইল ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। ভ্রমণের আগে আইএমইউজিএ পোর্টালে ট্রাভেলার ডিক্লারেশন জমা দেওয়ার সময় দেওয়া ই-মেইল ঠিকানায় এসব তথ্য পাঠানো হবে।
এ কারণে ভ্রমণকারীদের ফরম পূরণের সময় ই-মেইল ঠিকানা সঠিকভাবে দেওয়ার পরামর্শ দিয়েছে মালদ্বীপের কর্তৃপক্ষ।
এদিকে, শিশু ও বয়স্ক যাত্রীদের ব্যক্তিগত ই-মেইল ঠিকানা না থাকলে সঙ্গে ভ্রমণকারী পরিবারের কোনো সদস্যের অথবা ব্যবহার করতে পারবেন এমন অন্য কোনো ই-মেইল ঠিকানা দেওয়া যাবে।
নতুন এ ব্যবস্থার ফলে মালদ্বীপে পর্যটকদের প্রবেশ প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: ভিসা নিউজ ডটকম