শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ০২:২৪:১৭

পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ জনের মৃত্যু

পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব পেরুর দুর্গম এলাকায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হেলিকপ্টারের চালক।

শনিবার (২৮ নভেম্বর) এএফপি জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

হেলিকপ্টারটি সেনাসদস্যদের একটি দলকে উদ্ধারের অভিযানে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। এতে চালকসহ মোট নয়জন সামরিক সদস্য ছিলেন। উদ্ধারকারী দল ধ্বংসপ্রাপ্ত হেলিকপ্টার ও আরোহীদের সন্ধান পায়। একমাত্র জীবিত ব্যক্তি চালক এনজো এসপিনোজা রোকেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী লিমায় নেওয়া হয়েছে।

দুর্ঘটনাস্থলটি দেশটির আপুরিমাক, এনে ও মানতারো নদীর উপত্যকা এলাকায়। অঞ্চলটি কোকা চাষ ও মাদক পাচারের জন্য পরিচিত। সেখানে দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা থাকায় সামরিক উপস্থিতিও রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এর আগে এটি দুর্গম সানাবাম্বা এলাকা থেকে তিন সেনাসদস্যকে উদ্ধারে গিয়েছিল। তবে কী কারণে তাদের উদ্ধারের প্রয়োজন হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। সূত্র: এএফপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।