এমটিনিউজ২৪জবস : কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ইউনিফর্মধারী শূন্য পদগুলোতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে মোট ৪৭২ জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে নিয়োগ দেওয়া হবে।
এর মধ্যে ৪৫০ জন পুরুষ কারারক্ষী এবং ২২ জন মহিলা কারারক্ষী হিসেবে নিয়োগ পাবেন। উভয় পদের জন্যই জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতনক্রম নির্ধারণ করা হয়েছে ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা।
আগ্রহী প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উভয় পদের প্রার্থীদের উচ্চতা অন্যূন ১.৬৭ মিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি হওয়া বাধ্যতামূলক।
আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে এবং বয়সের প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন স্লিপ থাকতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে। যারা বর্তমানে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সেই অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে প্রার্থীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাইসহ দক্ষতা পরীক্ষা যেমন—দৌড়, পুশ-আপ, হাইজাম্প, লংজাম্প ও রোপ ক্লাইম্বিংয়ে অংশগ্রহণ করতে হবে। এরপর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং পর্যায়ক্রমে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
শুধুমাত্র শারীরিক ও দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণরাই লিখিত পরীক্ষায় বসার সুযোগ পাবেন এবং সেখানে সফল হলে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। পরীক্ষার যাবতীয় তারিখ, সময় ও স্থান প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এবং কারা অধিদপ্তরের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
আগ্রহী যোগ্য প্রার্থীগণ https://prison.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৯ এপ্রিল ২০২৬ সকাল ১০টা থেকে এবং চলবে ৩০ এপ্রিল ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ সর্বমোট ৫৬ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাইসহ দক্ষতা পরীক্ষা, লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান যোগ্য প্রার্থীদের পরবর্তী সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে। এ ছাড়া নিয়োগ সংক্রান্ত যেকোনো পরিবর্তন বা সংশোধনীসহ সব তথ্য কারা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে সময়মতো প্রকাশ করা হবে।