মঙ্গলবার, ০৯ জানুয়ারী, ২০১৮, ০৬:১৪:৪৭

শাকিব না গেলেও আমি যাব : অপু

 শাকিব না গেলেও আমি যাব : অপু

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস ডিভোর্স সংক্রান্ত বিষয়ে  ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পারিবারিক আদালতে সমঝোতা বৈঠকে অংশ নেবেন।  গত ২৪ ডিসেম্বর শাকিব ও অপুর কাছে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়।

নোটিসে আগামী ১৫ জানুয়ারি ডিএনসিসির অঞ্চল-৩ এর অফিসে তাদের তালাকের বিষয়টি নিয়ে শুনানি হবে।  সেখানে শাকিব খান উপস্থিত না থাকলেও অপু বিশ্বাস উপস্থিত থাকবেন।  মঙ্গলবার তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

অপু বিশ্বাস জানান, নোটিশ পেয়েছি।  সেখানে যাওয়াকে এখন আমার দায়িত্ব মনে করছি।  ডিএনসিসির বৈঠকে আমি যাব।  এতে শাকিব খান আসবেন, নাকি না আসবেন তা জানি না।  যদি না আসেন তাহলে বিষয়টি নিয়ে কী করা যায় তার বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

সিটি করপোরেশনের পারিবারিক আদালত সূত্রে জানা যায়, কোনো পক্ষ তালাকের আবেদন করলে আদালতের কাজ হচ্ছে ৯০ দিনের মধ্যে উভয়কে তিনবার ডেকে সমঝোতার চেষ্টা করা।  সমঝোতা না হলে স্বাভাবিকভাবেই তালাক কার্যকর হয়ে যাবে।  এখানে সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।

এদিকে, ছবির কাজে টানা সিডিউল নিয়ে বিদেশে ব্যস্ত আছেন শাকিব খান।  বর্তমানে তিনি ব্যাংকক রয়েছেন।  সেখানে বুবলীর সঙ্গে উত্তম আকাশের ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’র গানের দৃশ্যধারণে অংশ নিচ্ছেন।  এ ছবির কাজ শেষ করেই আবার ব্যাংককে বিদ্যা সিনহা মীমের সঙ্গে উত্তম আকাশের আরেক ছবি ‘আমি নেতা হবো’র গানের চিত্রায়ণে অংশ নেবেন।  দুই ছবির কাজ শেষ করতে জানুয়ারি মাস প্রায় শেষ হয়ে যাবে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে