বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। যদিও কলকাতায় এখন আর ব্যস্ততা নেই এই অভিনেত্রীর। আপাতত তাই বাংলাদেশি সিনেমার দিকেই ঝুঁকছেন তিনি। এর আগে শাকিব খানের সঙ্গে ‘শিকারি’ ছবিতে অভিনয় করার পরই বাংলাদেশে যাত্রা শুরু করেন শ্রাবন্তী।
এখনও সেই পথেই হাঁটছেন। যৌথ প্রযোজনার বাইরেও ঢাকার স্থানীয় ছবিতেও একের পর এক চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। সব ঠিক থাকলে এ বছরই একাধিক বাংলাদেশি ছবিতে দেখা যাবে টলিউডের এ নায়িকাকে। কিছুদিন আগে জানা গেছে শাপলা মিডিয়ার নতুন ছবি ‘বয়ফ্রেন্ড’-এ শাকিব খানের নায়িকা হিসেবে শ্রাবন্তীকেই চূড়ান্ত করা হচ্ছে।
এদিকে শুরু হয়েছে বাংলাদেশের ‘যদি একদিন’- সিনেমার শুটিং। এ ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন শ্রাবন্তী। অবাক করা বিষয় হচ্ছে গোপনে গত এক সপ্তাহ বাংলাদেশে এ সিনেমার শুটিং করে গেলেন শ্রাবন্তী, এই কাজটা গোপনেই সারলেন শ্রাবন্তী। সিনেমাটিতে অভিনয় করতে ১১ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন তিনি। ঢাকায় টানা এক সপ্তাহ কাজ শেষে রোববার ফিরে যান শ্রাবন্তী।
ঢাকা ছাড়ার আগে শ্রাবন্তী বলেন, ‘আমি খুব অল্প সময়ের জন্য এসেছিলাম। এই সময়ের মধ্যে আমার অংশের শুটিং ঠিকঠাক শেষ করা জরুরি ছিল। তাই বিষয়টি জানাজানিরও সময় ছিল না। পরে আবার আসলে সংবাদ সম্মেলন করে সব জানাবো।
এবারই প্রথম বাংলাদেশে এসে একক প্রযোজনায় নির্মিত ছবিতে অভিনয় করলেন শ্রাবন্তী। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী, ‘নতুন জায়গা, নতুন কাজ, কতটুকু ভালো পারব—এসব নিয়ে শুরুতে একটু ভয়েই ছিলাম। আমার সহকারীদের বারবার বলেছিলাম, ভালো পারব তো! কিন্তু সেটে ঢুকে সবার কাছ থেকে যে আন্তরিকতা পেয়েছি, তাতেই সব ভয় দূর হয়ে গেছে।
এমটিনিউজ২৪/এম.জে/ এস