শনিবার, ০৭ এপ্রিল, ২০১৮, ০৮:৫৮:২৫

কেউ দেখাতে চাইলেও হলে গিয়ে সিনেমা দেখবেন পরীমনি!

কেউ দেখাতে চাইলেও হলে গিয়ে সিনেমা দেখবেন পরীমনি!

বিনোদন ডেস্ক: সফল ছবি ‘মনপুরা’র পর নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’। এর চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন তিনি। শুক্রবার দেশের ২০টি  প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। চাঁদপুরের নদীতে, পুরনো বাড়িতে, মাছের আড়তে, কলকাতার থিয়েটারসহ নানান জায়গায় ছবির শুটিং করেছেন এই জনপ্রিয় নির্মাতা। আর লম্বা সময়ের এই জার্নিতে ছিলেন ছবির প্রধান দুটি চরিত্র শুভ্রা এবং অপু। তাদের সম্পর্কের রসায়নে তৈরি হয়েছে এই ছবি।

ছবিতে শুভ্রা চরিত্রে পরীমনি এবং অপু চরিত্রে ইয়াশ রোহান (নবাগত) অভিনয় করেছেন। বৃহস্পতিবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সের প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন পরীমনি। ছবি দেখে ঘরে ফিরে যাবার আগেই শোবিজসহ বিভিন্ন অঙ্গনের মানুষের কাছ থেকে তিনি বেশ সাড়া পেয়েছেন। প্রিমিারের পর থেকে ছবিতে ভালো অভিনয়ের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিনিয়তই পাচ্ছেন তিনি।

তারপরও তার কাছে জানতে চাওয়া ছবি মুক্তি পাবার পরের অনুভূতি কেমন? জবাবে পরীমনি বলেন, এই অনুভুতি কেবল ভেতরে অনুভব করা যায়। বলে বোঝানো যাবে না। অনেক সাড়া পাচ্ছি। সিনেমা হলে গিয়ে এর আগে পরীমনি গিয়াস উদ্দিন সেলিমের প্রথম ছবি ‘মনপুরা’ নয়বার দেখেছেন। তাই এবার জানতে চাওয়া নিজের অভিনীত ছবি ‘স্বপ্নজাল’ কতবার দেখতে সিনেমা হলে ছুটবেন তিনি? জবাবে হাসতে হাসতে বলেন, নিজে টিকেট কেটে দেখব দশবার, এরপর কেউ দেখাতে চাইলে আরো কয়েকবার এ ছবি দেখতে চাই।  

শুটিং করতে গিয়ে অনেক স্মৃতি মনে গাঁথা থাকে অভিনয়শিল্পীদের। এই ছবিতে লম্বা সময় কাজ করেছেন পরী। তাই এমন কোনো স্মৃতি কি তার মনে গাঁথা আছে যা কখনই তিনি ভুলবেন না? এই প্রশ্নের উত্তরে পরী বলেন, এ ছবির সবটাই মনে গাঁথা থাকবে আমার। ছবিটি নিয়ে আলাদাভাবে কিছু বলতে চাই না। শুটিংয়ে পুরো সময়টা আমার মনে জায়গা করে নিয়েছে।

এরপর কোনো নির্মাতা যদি পরীমনি এবং ইয়াশ রোহানকে নিয়ে নতুন কোনো ছবি বানাতে চান সেক্ষেত্রে পরীর জবাব, ছবিটি কে নির্মাণ করবেন সেটা আগে জানতে হবে আমার। তারপর তো সিদ্ধান্ত। গিয়াস উদ্দিন সেলিমের এটি দ্বিতীয় ছবি এবং পরিচালক হিসেবে ‘মনপুরা’ নির্মাণ করেই তিনি বেশ সুনাম কুড়িয়েছেন। এই নির্মাতার সঙ্গে কাজ করে কেমন লেগেছে জানতে চাইলে পরীমনি বলেন, গিয়াস উদ্দিন সেলিম শুধু একজন পরিচালক নন যাদুকর। বলতে গেলে একজন যাদুকর ক্রিয়েটর। যে একজন শুভ্রাকে সৃষ্টি করতে পারেন।

২০১৫ সালে প্রথম শাহ আলম মন্ডলের পরিচালনায় পরীমনির ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি মুক্তি পায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরইমধ্যে তিনি ঢালিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন। সবশেষ মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ ও ‘অপূর্ব রানার ‘ইনোসেন্ট লাভ’ নামে দুটি ছবি মুক্তি পায় পরীমনির। আর এখন প্রেক্ষাগৃহে চলছে ‘স্বপ্নজাল’। এ ছবি নিয়ে তার স্বপ্নটা অনেক বড়। আর তা সঙ্গে নিয়েই তিনি পথ চলছেন। ছবি মুক্তির পর দর্শকরাও বেশ সাদরে তাকে গ্রহণ করছেন। সামনে তার অভিনীত আরো বেশকিছু ছবি মুক্তি পাবে এবং কিছু নতুন ছবির কাজ শুরু হবে।

সেসব নিয়ে জানতে চাইলে পরীমনি বলেন, এখন ‘স্বপ্নজাল’ নিয়েই ভাবতে চাই। চলতে চাই। এগিয়ে  যেতে চাই। নতুন ছবি নিয়ে কথা বলার সময় সামনে আরো আছে। তখন বলব। এখন না। এখন আমার মনজুড়ে একটিই ভাবনা। সেটা হচ্ছে ‘স্বপ্নজাল’। আর পরী মনে করেন এই ছবি তার অভিনয় জীবনে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় অভিজ্ঞতা। ‘মনপুরা’ ছবি মুক্তির ৯ বছর পর সেলুলয়েডে স্বপ্ন সুখের ইন্দ্রজাল ছড়াতে এসেছে ‘স্বপ্নজাল’। তাই এ ছবিটি নিয়ে শুধু নির্মাতা না পরীমনিসহ ছবির পুরো টিম বেশ আশাবাদী।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে