সোমবার, ০৯ এপ্রিল, ২০১৮, ০৩:৫১:৩৮

শ্রীদেবী অ্যাওয়ার্ড পাচ্ছেন তামান্না

শ্রীদেবী অ্যাওয়ার্ড পাচ্ছেন তামান্না

বিনোদন ডেস্ক: সদ্য প্রয়াত মহাতারকা শ্রীদেবীর সম্মানে একটি পুরস্কারের প্রচলন করল ‘জি অপ্সরা অ্যাওয়ার্ড’ কর্তৃপক্ষ। আয়োজকেরা তাঁদের এবারের আয়োজনে যুক্ত করেছেন এই পুরস্কার। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমবারের মতো এই শ্রীদেবী অ্যাওয়ার্ড পাচ্ছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া।

তামান্না একই সঙ্গে বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করছেন। তিনি শ্রীদেবীর সম্মানে চালু হওয়া এই পুরস্কার পাচ্ছেন জেনে দারুণ আনন্দিত। উৎফুল্ল এই অভিনেত্রী বলেন, ‘শ্রীদেবী এমন একজন ব্যক্তিত্ব, যাঁকে দেখে আমি বড় হয়েছি, যিনি আমার অনুপ্রেরণা।

এটা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার যে তাঁর নামে প্রচলিত পুরস্কারটি আমি পাচ্ছি। শ্রীদেবীর মতো আমিও খুব অল্প বয়সে অভিনয়ে নাম লেখাই। তবে আমি জানি, তাঁর পর্যায়ে পৌঁছতে গেলে আমাকে আরও অনেক পরিশ্রম করতে হবে, আরও অনেক সাধনা করতে হবে।’

শ্রীদেবী ১৯৮৩ সালে অভিনয় করেছিলেন হিম্মতওয়ালা ছবিতে। ২০১৩ সালে সেই ছবিরই রিমেকে অভিনয় করেছিলেন তামান্না। বর্তমানে এই অভিনেত্রী প্রস্তুতি নিচ্ছেন কঙ্গনা রনৌতের জনপ্রিয় ছবি কুইন-এর দক্ষিণ ভারতীয় সংস্করণে অভিনয়ের জন্য। শ্রীদেবী অ্যাওয়ার্ড তামান্নাকে দেওয়া হবে তরুণ তুর্কি হিসেবে ভারতীয় চলচ্চিত্রে অবদান রাখার জন্য। আইএএনএস
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে