বিনোদন ডেস্ক : এই কদিন আগেও তার বিরুদ্ধে অভিযোগ ছিল, বান্ধবীর কথা তিনি নাকি প্রকাশ্যে বলতেই চান না। খোদ বলি বাদশার কাছে একটু অপ্রস্তুতও হতে হয়েছিল নায়ককে। তবে এখন আর সে দিন নেই। স্ক্রিনের বাইরেও দেব-রুক্মিণী জুটি ইন্ডাস্ট্রির অত্যন্ত ভালবাসার। আর এবার রুক্মিণীর নাচের ভিডিও প্রকাশ্যে আনলেন খোদ নায়ক দেব।
আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কবীর’। মুক্তির আগে প্রচারে কোনও খামতি রাখছেন না দেব। অভিনেতা হওয়ার পাশাপাশি এ ছবির প্রযোজকও তিনি। তাই বাড়তি দায়িত্ব রয়েছে কাঁধে। রয়েছে বাড়তি প্রত্যাশা। এত কিছুর মধ্যে নায়িকা রুক্মিণীর সঙ্গে খুনসুটি করার সুযোগ ছাড়লেন না টলিউডের সুপারস্টার।
ছবি সিরিয়াস হলেও শুটিং ফ্লোরে যে রুক্মিণী একদম বিন্দাস ছিলেন, সেই প্রমাণই সোশ্যাল মিডিয়ার বাসিন্দাদের দিলেন দেব। ফাঁস করে দিলেন বোরখা পরা রুক্মিণীর বিন্দাস নাচের ভিডিও। ক্যাপশনে আবার মজা করে লিখেছেন, শুটিংয়ের আগেই এই নৃত্য পরিবেশন করেছেন রুক্মিণী। আর তার এই ‘নওটঙ্কি’ই সবচেয়ে বেশি পছন্দ দেবের। এ কারণেই ‘কবীর’-এ রুক্মিণীকে নাকি বেছে নিয়েছেন তিনি।
দেবের পোস্ট করা এই ভিডিও বেশ পছন্দ হয়েছে নেট-দুনিয়ার বাসিন্দাদের। তবে নিজের কীর্তি ফাঁস হয়ে যাওয়ায় বেজায় চটেছেন রুক্মিণী। বন্দুক পর্যন্ত খুঁজতে শুরু করেছেন নায়িকা। নায়ক-নায়িকার এই দুষ্টু-মিষ্টি ঝামেলার মধ্যেই জোরকদমে চলছে ‘কবীর’-এর প্রচার।
এসটিএফ-এর অপারেশন নিয়ে তৈরি হয়েছে অনিকেত চট্টোপাধ্যায়ের এই নতুন ছবি। কিছুদিন আগেই শহরের এক নামী মলে মক ড্রিল করে ছবির অভিনব প্রচার সেরেছিলেন দেব, রুক্মিণী, প্রিয়াঙ্কারা। এবার কেবল অপেক্ষা মুক্তির। পয়লা বৈশাখের আগেই দর্শকের দরবারে হবে ‘কবীর’-এর অ্যাসিড টেস্ট।
এমটিনিউজ/এসএস