মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮, ০৯:৫৬:৪৬

কলেজের ছাত্র রাজীবের মৃত্যুতে যা বললেন ইলিয়াস কাঞ্চন

কলেজের ছাত্র রাজীবের মৃত্যুতে যা বললেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক  :  রাজধানীর কাওরান বাজারে দুই বাসের চাপায় পড়ে হাত হারানো তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের মৃত্যুতে গভীর শোক করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সোমবার রাতে সংগঠনটির প্রচার সম্পাদক একেএম ওবায়দুর রহমানের পাঠানো এক শোক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

কলেজের ছাত্র রাজীবের মৃত্যুতে যা বললেন ইলিয়াস কাঞ্চন:- শোকবার্তায় তিনি বলেন, রাজধানীতে বিশৃঙ্খল যান চলাচল ব্যবস্থা ও দক্ষ চালকের অভাবে প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা ঘটছে, যা মোটেও কাম্য নয়।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান ও চালকদের উপযুক্ত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রসঙ্গত, ৩ এপ্রিল রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারার কাছে বিআরটিসির একটি দ্বিতল বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিলেন রাজীব হোসেন।

বাসটি হোটেল সোনারগাঁওয়ের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে পৌঁছালে হঠাৎ পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটিকে গা ঘেঁষে অতিক্রম করে। এ সময় দুই বাসের চাপে গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা রাজীবের ডান হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে তার মাথায়ও প্রচণ্ড আঘাত লাগে।

দুর্ঘটনার পর তাকে প্রথমে পান্থপথে শমরিতা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। গত ১০ এপ্রিল ভোরে অজ্ঞান হয়ে পড়েন রাজীব।

ওই দিন থেকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সোমবার রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় রাজীবের মৃত্যু হয়। তার চিকিৎসার জন্য গঠন করা হয়েছিল মেডিকেল বোর্ড।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে