বুধবার, ০৪ জানুয়ারী, ২০২৩, ০২:১৪:০২

'পাঠান' মুক্তির আগেই কেন এমন মন্তব্য করলেন মনোজ বাজপেয়ী!

'পাঠান' মুক্তির আগেই কেন এমন মন্তব্য করলেন মনোজ বাজপেয়ী!

বিনোদন ডেস্ক: বড় ব্যানারের ছবি মানেই কী ভাল চিত্রনাট্য? 'পাঠান' মুক্তির আগে বড় ব্যানারের কাজ নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা মনোজ বাজপেয়ী। রটার্ডমের ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে অভিনেতার আগামী ছবি ‘জরাম’ এর । 

‘গ্যাঙ্গস অফ ওয়াসেপুরের’ ‘সর্দার খান’ সেই আবহে প্রশ্ন তুললেন, ‘বড় ব্যানার মানেই কী ভাল গল্প?’ ৫২তম ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল রটার্ডম এর বিগ স্ক্রিন কম্পিটিশনে থাকছে অভিনেতার ‘জরাম’। সংবাদ সংস্থার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে তিনি জানান, ''ছোট ছবির প্রথম বড় পদক্ষেপ এভাবেই নিজের পথ তৈরি করে নেয়। একটা ছাপ রেখে যায়।'' 

তিনি আরও বলেন যে, ''ইদানিং ছোট ব্যানারের ছবি এখন বড় ব্যানারের থেকেও ভাল কাজ করছে। বড় ব্যানারে গল্পের কোনও গ্যারান্টি নেই। আমি সব সময় সেই সমস্ত পরিচালক ও লেখকদের সঙ্গে কাজ করতে চেয়েছি যারা নিজেদের গল্পের বিষয়ে প্রতিক্রিয়াশীল।''

সমালোচকরা মনে করছেন, ‘জরাম’ নিয়ে গর্বে মাটিতে পা পড়ছে না অভিনেতার। আদতে তেমনটা নয়। কাজ নিয়ে কোনও প্রত্যাশা নেই অভিনেতার। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা মনে করেন, ছবির চরিত্রকে রূপদান করাই একজন অভিনেতার কাজ। এর পরে সেই ছবি ক’টা পুরস্কার পেল এটা কোনও অভিনেতার উদ্দেশ্য হতে পারে না। এমনটাই মনে করেন অভিনেতা।

বলিউডের শেষ কয়েকটি বড় ব্যানারের ছবি প্রত্যাশিত ফল দিতে পারেনি বক্স অফিসে। সেই সব ছবির সঙ্গে জড়িয়ে আছে প্রথম সারির অভিনেতাদের নাম। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মনোজ বাজপেয়ীর এই মন্তব্য যথেষ্ট ভাবিয়ে তুলেছে ছবিপ্রেমীদের। আর কিছু দিন পরেই মুক্তি পাবে শাহরুখ খানের ‘পাঠান’। বড় ব্যানারে বড় চমক থাকবে কী? সংশয় থেকেই যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে