বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ০১:৪৫:১৪

মৃত্যুর আগে যে আক্ষেপের কথা বলে গেছেন নানা পাটেকর

মৃত্যুর আগে যে আক্ষেপের কথা বলে গেছেন নানা পাটেকর

বিনোদন ডেস্ক : মৃত্যুর মাত্র চার দিন আগে জীবন ও মৃত্যুর অনিশ্চয়তা নিয়ে কথা বলেছিলেন প্রবীণ অভিনেতা নানা পাটেকর। গোয়ায় একটি অনুষ্ঠানে সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করার পাশাপাশি নিজের জীবন নিয়েও আক্ষেপের কথা জানান তিনি।

পিটিআইয়ের বরাত দিয়ে নিউজ১৮ জানিয়েছে, গোয়ায় সম্রাট ক্লাব ইন্টারন্যাশনালের একটি স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন নানা। সাদা কুর্তা ও সাদা চাদর পরা অভিনেতা সেখানে জীবন কতটা অনিশ্চিত, তা নিয়ে কথা বলেন।

নানা বলেছিলেন, একদিন তো সবাইকে চলে যেতে হবে। আগামীকাল আমি থাকব কি না, জানি না। প্রত্যেক মানুষের জীবন একসময় সেই জায়গায় পৌঁছাবে। কিন্তু তার আগে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি যা করতে চাই, তা কি করতে পারছি? মৃত্যুর পর তার এই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।

অনুষ্ঠানে নানা পাটেকর গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী ও ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের রাজনৈতিক কর্মকাণ্ডের কথাও স্মরণ করেন। পারিকরের কাজের ধরন এবং রাজনীতিতে তার ভূমিকার প্রশংসা করেন তিনি। পারিকর গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেন। পরে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি।

বৃহস্পতিবার সকালে ৭৫ বছর বয়সে মারা যান নানা পাটেকর। গোয়ার দোনা পাওলায় নিজের বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর তাকে মণিপাল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি। মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকার জানান, পুনরুজ্জীবন প্রচেষ্টার সময় নানার হৃদ্‌যন্ত্রে কার্যকলাপ ছিল না।

তার মৃত্যুর ঘটনায় মেডিকো-লিগ্যাল মামলা করা হয়েছে এবং ময়নাতদন্তেরও ব্যবস্থা করা হয়েছে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, ময়নাতদন্তের পর নানার মরদেহ মুম্বাইয়ে নেওয়া হবে।

১৯৭৮ সালে গমন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন নানা পাটেকর। দীর্ঘ ক্যারিয়ারে পরিন্দা, প্রহার, অঙ্গার, ক্রান্তিবীর, তেরঙ্গা, খামোশি ও আব তক ছাপ্পান-এর মতো সিনেমায় অভিনয় করে ভারতীয় চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। ক্যারিয়ারের শেষ দিকেও অভিনয় থেকে দূরে সরে যাননি তিনি। সম্প্রতি তাকে হাউসফুল ৫-এ অক্ষয় কুমার, অভিষেক বচ্চন ও রিতেশ দেশমুখের সঙ্গে দেখা গেছে। বিশাল ভরদ্বাজের ও রোমিও-তে শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরির সঙ্গে অভিনয় করেছেন নানা। অনিল কাপুর ও রাধিকা মদন অভিনীত সুবেদার সিনেমাতেও বিশেষ চরিত্রে দেখা গেছে তাকে।

মৃত্যুর মাত্র কয়েক দিন আগে জীবনের অনিশ্চয়তা নিয়ে নানার সেই বক্তব্য যেন তার দীর্ঘ অভিনয়জীবনের শেষ অধ্যায়ের সঙ্গে এক অদ্ভুতভাবে মিলে যায়, আগামীকাল আমি থাকব কি না, জানি না। সূত্র: নিউজ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।