বিনোদন ডেস্ক : পাঁচবছর পর পর্দায় ফিরলেন শাহরুখ খান। পর্দায় ফিরেই পাঠান ঝড়ে কাবু করেছেন পুরো ভারত। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি। সিনেমা মুক্তির পর সময় যত এগোচ্ছে, শাহরুখ খানের ‘পাঠান’ নিয়ে উত্তেজনা আরো বাড়ছে। অগ্রিম টিকিট বুকিংয়ের সময়ই চালু করা হয়েছিল সকাল ৬টা ও ৭টার শো। সুখবর, এবার দর্শকের চাহিদা মেটাতে মধ্যরাতেও শো চালুর উদ্যোগ নেওয়ার কথা ভাবছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।
জানা গেছে, পাঠান মুক্তির পর থেকেই দলে দলে লোক গিয়ে ভিড় জমিয়েছেন প্রেক্ষাগৃহের সামনে। চাহিদা এতটাই যে, সিনেমা মুক্তির তিন দিন আগে থেকেই টিকিটের জন্য অপেক্ষা করে থাকতে হয়েছে দর্শকদের।
এবার সেইসব দর্শকদের কথা মাথায় রেখেই রাত সাড়ে ১২টায় ‘পাঠান’র শো চালু করার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজরা সংস্থা ‘যশরাজ ফিল্মস’। শুধু মুম্বাইয়ে নয়, গোটা ভারতে মধ্যরাতের শো চালুর ব্যবস্থা ওয়াইআরএফের।
দীর্ঘ ৪ বছরের অপেক্ষা শেষে রুপালি পর্দায় ফিরেছেন বলিউডের ‘বাদশা’। দর্শকের উন্মাদনা ও টিকিটের চাহিদা দেখে ছবি মুক্তির প্রথম দিনেই পর্দার সংখ্যা আরো বাড়ানোর সিদ্ধান্ত নেয় ভারতের একাধিক সিনেমা হল কর্তৃপক্ষ।
২৪ জানুয়ারি পর্যন্ত ভারতে মোট ৫২০০টি পর্দায় ‘পাঠান’ প্রদর্শনের কথা ছিল। বুধবার প্রথম শোয়ের পরে আরো ৩০০টি পর্দা বাড়ানোর সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। সারা ভারতে আপাতত মোট ৫৫০০টি পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। বিদেশে এই সংখ্যাটা ২৫০০। বিশ্বজুড়ে মোট ৮০০০টি পর্দায় প্রদর্শিত হচ্ছে ‘বাদশা’র কামব্যাক।
এদিকে মুক্তির প্রথম দিনে শাহরুখের ‘পাঠান’-এর হিন্দি সংস্করণ আয় করেছে ৫০-৫১ কোটি রূপি। ‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।