বিনোদন ডেস্ক: কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও বিপত্তি! কনসার্টে গান গাওয়ার সময় বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৈলাস খেরের উপর হামলা! জলের বোতল ছুড়ে সঙ্গীতশিল্পীর উপর হামলার চেষ্টা করে ২ যুবক। পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে কর্নাটকে। হাম্পি উৎসবে গান গাইতে এসেছিলেন কৈলাস খের। শুক্রবার থেকে এই উৎসব শুরু হয়। যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। উৎসবে বলিউডের সঙ্গীতশিল্পীদের মধ্যে কৈলাস খের ও আরমান মালিক যোগ দিয়েছিলেন।
রোববার সন্ধ্যায় কৈলাসের কনসার্ট ছিল। তার গান শোনার জন্য উপচে পড়েছিল ভক্তদের ভিড়। শো চলাকালীন হিন্দি গানের পাশাপাশি কন্নড় ভাষায় গান গাইতে সঙ্গীতশিল্পীকে অনুরোধ করেন কয়েকজন। আবদার না মিটতেই দর্শকদের মধ্যে থেকে দু'জন জলের বোতল ছুড়ে মারে কৈলাসের দিকে। তৎক্ষণাৎ পুলিশ হাজির হয় দর্শকদের মধ্যে। একজনকে আটক করা হয়।