বিনোদন ডেস্ক: পাঠান দিয়ে বলিউডের এতদিনের বহু রেকর্ড ভেঙে দিয়েছেন শাহরুখ খান। চার বছরের বেশি সময় পর বলিউডে ফিরেই ছক্কা হাঁকিয়েছেন। বছরকয়েক আগে পরপর ফ্লপ দিয়েছিলেন। তা সে জিরো হোক বা যব হ্যারি মেট সেজল।
তবে সেই খড়া কাটিয়ে দিয়েছে পাঠান। ইতিমধ্যেই গোটা বিশ্বজুড়ে ব্যবসার নিরিখে ৯ দিনে ৭০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। চলতি মাস ধরেই সময় পেলে ASK SRK সেশন রাখছেন শাহরুখ টুইটারে। নেট-নাগরিকদের কাছ থেকে আসা নানা প্রশ্নের জবাব দিচ্ছেন। শনিবারও সেরকমই একটা ছোট সেশন সেরে ফেললেন তিনি।
আর তখনই এক জনৈক শাহরুখের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘@iamsrk পাঠানের আসল কালেকশন কত?’ জবাবে শাহরুখ খানের কড়া জবাব। কিং খান লিখলেন, ‘৫ হাজার ছাড়িয়েছে ভালোবাসা, ৩ হাজার কোটি প্রশংসা, ৩২৫০ কোটি হাগ, ২ বিলিয়ান স্মাইল আরও গোনা চলছে। তোর অ্যাকাউনটেন্ট কী বলছে?’
৫ জানুয়ারি মুক্তি পাওয়ার পর থেকে সেভাবে কোনও সিনেমা বক্স অফিসে চলতেই পারেনি। হল পাওয়াই মুশকিল হয়ে পড়েছিল অন্যান্য ছবির ক্ষেত্রে। সিনেমা নিয়ে মাতামাতি এত বৃদ্ধি পায় যে সকালের শো বাড়াতে বাধ্য হন হল মালিকরা।
সকাল সাড়ে ৬টায় প্রথম শো রাখা হয়েছিল মুক্তির দিনে। টিকিটের দাম কোথাও কোথাও পৌঁছে গিয়েছিল আড়াই-তিন হাজারে। তবুও ক্ষাণ্ত হননি শাহরুখ-প্রেমীরা। ট্রেড অ্য়ানালিসিস্ট রমেশ বালা ৩ ফেব্রুয়ারি টুইট করে জানান ৯ দিনে বিশ্বজুড়ে ৭০০ কোটির ব্যবসা করেছে।