বিনোদন ডেস্ক : উৎসুক জনতা কিছু সময় কত কাণ্ড যে ঘটিয়ে ফেলে, তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এমনি এক সময় আলিয়া ভাটের গোপন মুহূর্ত লেন্সবন্দি করা নিয়ে শোরগোলের মধ্যেই বলিউড বাদশাহ শাহরুখ খানের বাংলোয় অনুপ্রবেশের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।
আর এ ঘটনায় মান্নাতের ম্যানেজার দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনার বর্ণনা দিয়ে নিরাপত্তারক্ষীরা জানান, গত বৃহস্পতিবার রাতে প্রাচীর টপকে মান্নাতের ভেতরে ঢুকে লুকিয়েছিলেন ওই দুই ব্যক্তি।
শাহরুখের ঘনিষ্ঠ সূত্রের খবর, অভিযুক্ত দুই ব্যক্তি নিজেদের শাহরুখভক্ত হিসেবে পরিচয় দেন। মান্নাতের পেছন দিকের প্রাচীর টপকে তারা ভেতরে ঢুকেছিলেন। তাদের ধরে ফেলা হলেও কাকুতি-মিনতি করতে থাকেন শাহরুখের সঙ্গে একবার দেখা করিয়ে দেওয়ার জন্য।
এ বিষয়ে শাহরুখ এখনো মুখ খোলেননি। তবে না বলে তারকার বাড়িতে ঢুকে পড়ার অভিযোগে তাদের আটক করেছে পুলিশ।