বিনোদন ডেস্ক : প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে বিচ্ছেদের ৮ বছর পর আবার সংসার পাততে যাচ্ছেন বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত তারকা হৃত্বিক রোশন। গত বছর অভিনেত্রী ও গায়িকা সাবা আজাদের সঙ্গে তার প্রেমের খবর প্রকাশ্যে আসে। সেই সাবাকে নিয়েই নাকি খুব শিগগির দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘কাহো না পেয়ার হ্যায়’ তারকা।
হৃত্বিকের চেয়ে ১২ বছরের ছোট সাবা। তবুও দুজনের বোঝাপড়ার এতটুকু কমতি নেই। উল্টো এই নতুন সম্পর্কে দুজনেই ভালো আছেন। একসঙ্গে ভালো সময়, মুহূর্ত কাটাচ্ছেন। প্রায় বছর খানেক ধরে তারা একে অন্যের সঙ্গে আছেন। শোনা যায়, তারা নাকি এখন লি'ভ ই'ন করছেন। বিয়ে করবেন এ বছরই।
সাবাকে মাঝে মধ্যেই হৃত্বিকের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। অভিনেতার দুই ছেলে রিহান ও রিদানের সঙ্গেও নাকি তার ভারী ভাব। হবু স্বামীর দুই ছেলের সঙ্গে সময়ও কাটান সাবা। শুধুই তাই নয়, হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজেনের সঙ্গেও তার সম্পর্ক রীতিমতো ভালো। সুজেন আর সাবা ভীষণই ভালো বন্ধু একে অন্যের।
সম্প্রতিক খবর অনুযায়ী, এই সম্পর্কটাকে নতুন মাত্রা দিতে চলেছেন হৃত্বিক-সাবা। একটি ভাইরাল হওয়া টুইটে দাবি করা হয়েছে, এ বছরের নভেম্বরেই গাঁটছড়া বাঁধবেন তারা। যদিও এখনো কেউই এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।
কিন্তু ছেলের দ্বিতীয় বিয়ের খবরে হৃত্বিকের বাবা অভিনেতা ও পরিচালক রাকেশ রোশান কী বলছেন? তার দাবি, তিনি নাকি সাবার সঙ্গে ছেলের বিয়ের ব্যাপারে তেমন কিছুই জানেন না বা শোনেনওনি। ফলে, হৃত্বিক-সাবার বিয়ের খবর কতটা সত্যি, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
এর আগে প্রিয়াঙ্কা চোপড়া, আমিশা প্যাটেল এবং কঙ্গনা রানাওয়াতের মতো নায়িকাদের সঙ্গে হৃত্বিকের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। অন্যদিকে, সাবা আজাদ এর আগে প্রেম করতেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহের ছেলে ইমাদ শাহের সঙ্গে। তাদের দীর্ঘদিনের প্রেম ভাঙে ২০২১ সালে। এরপরই হৃত্বিককে মন দেন সাবা।