বিনোদন ডেস্ক: তামিল ছবির বড় নাম। তার পারিশ্রমিক পিছনে ফেলবে তাবড় বলিউড তারকাদের। তাকে নিয়ে অনুরাগী মহলে উন্মাদনার অন্ত নেই। বিজয়ের ‘বরিসু’ ছবিটি বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে। এই মুহূর্তে তিনি ব্যস্তলোকেশ কনগরাজের থ্রিলার ছবি ‘লিও’র শুটিংয়ে ব্যস্ত।
এর মাঝেই এক নতুন খবর অভিনয় থেকে নাকি বিরতি নিতে চলেছেন বিজয়। অভিনয় ছেড়ে রাজনীতিতে আসছেন থালাপতি বিজয়! শোনা যাচ্ছে আগামী দুই থেকে তিন বছর বড় পর্দায় দেখা যাবে না তাকে। রাজনীতিতে যোগ দেবেন অভিনেতা। ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন নাকি তার পাখির চোখ।
সেই কারণে প্রস্তুতিও নিচ্ছেন অভিনেতা। সম্প্রতি চেন্নাইতে এক অনুষ্ঠানে বিজয়ের বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই জোরালো হয় জল্পনা। তামিলনাড়ুতে শিক্ষার বেসরকারিকরণের বিরুদ্ধে মত দেন অভিনেতা। তাকে সমর্থন জানিয়েছেন অনেকেই। তবে অভিনেতার রাজনীতিতে যোগ দেওয়ার খবরে একদিকে খুশি তার অনুরাগীরা।
অন্য দিকে তাদের মনও খারাপ, বড় পর্দায় আর দেখতে পাবেন না বিজয়কে। যদিও এই প্রসঙ্গে অভিনেতার তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ১৯ অক্টোবর মুক্তি পাবে তার ‘লিও’ ছবিটি। শোনা যাচ্ছে ‘থলপতি ৬৮’ ছবির পরই রাজনীতিতে যোগ দেবেন অভিনেতা।
নির্বাচনের আগে রাজনীতিতে যোগ দেন বিনোদন জগতের তারকারা। এই চলন দক্ষিণ ভারতে নতুন কিছু নয়। এ ক্ষেত্রে দক্ষিণ ভারতকে পথ প্রদর্শকও বলা যেতে পারে। বিভিন্ন সময় বিনোদন জগতের তারকা এসেছেন রাজনীতিতে। তার বড় দৃষ্টান্ত এমজিআর, এনটিআর ও জয়ললিতা। এরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন।