বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৪:২৭

ফের আলোচনায় পরীমনি, দিলেন এক ‘রহস্যময়’ বার্তা

ফের আলোচনায় পরীমনি, দিলেন এক ‘রহস্যময়’ বার্তা

বিনোদন ডেস্ক : ফের আলোচনার কেন্দ্রে পরীমনি। না, এবারও সিনেমা নয়, ভিন্ন কারণে। পাঁচ বছর আগের এক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আত্মসমর্পণ করে জামিনের জন্য আদালতে গেছেন অভিনেত্রী।

তবে আদালতে যাওয়ার আগে ফেসবুকে দিয়েছেন একটি রহস্যময় বার্তা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘স্বপ্নজাল’ অভিনেত্রী লিখেছেন, ‘যে মধুতে মরে, তারে বিষ দিতে নেই’।

এদিকে গ্রেফতারি পরোয়ানা জারির খবর প্রকাশ্যে আসার পর অনেকেই বিষয়টির সমালোচনা করছেন। কিছুদিন পরপর পরীমনিকে এসব পরিস্থিতিতে পড়তে হয়, তা নিয়েও আক্ষেপ করছেন কেউ কেউ।

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ২০২১ সালে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেছিলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। বুধবার (৪ নভেম্বর) মামলার সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। তাতে হাজিরা দেননি পরীমনি। তার আইনজীবী সময়ের আবেদন করলে আদালত বা আমলে নেয়নি, বরং গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

এর আগে, গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওইদিন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

এদিকে অভিনয়ে সম্প্রতি পরীমনি কাজ করেছেন গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ। এতে তার সঙ্গে আছেন ইমতিয়াজ বর্ষণ। এছাড়া ‘ফারজানা’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমার কাজও অনেকখানি সেরেছেন অভিনেত্রী; সেটির নির্মাণে রয়েছেন তারেক রহমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।