রবিবার, ২০ মার্চ, ২০১৬, ১১:০২:২৯

আর কোনোদিন মায়ের পাশে থাকতে হবে না লামিয়া-দীপ্তকে

 আর কোনোদিন মায়ের পাশে থাকতে হবে না লামিয়া-দীপ্তকে

বিনোদন ডেস্ক : ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পারভিন সুলতানা দিতি।  গত বছর থেকেই ব্রেন টিউমারে আক্রান্ত দিতি রীতিমতো যুদ্ধ করেছেন।  শেষ পর্যন্ত সবাইকে কাঁদিয়ে চলে গেলেন পরপারে।

দীর্ঘ এ যুদ্ধে তার সঙ্গে সারাক্ষণ সঙ্গ দিয়েছেন দুই সন্তান লামিয়া আর দীপ্ত। পাশে থেকে সবসময় শক্তি দিয়ে গেছেন মাকে।  আর কোনোদিন মায়ের পাশে থাকতে হবে না লামিয়া-দীপ্তকে।
 
দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অভিনেত্রী পারভিন সুলতানা দিতি রোববার বিকেল ৪টা ৫ মিনিটে মারা যান।  রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

সর্বশেষ খবর অনুযায়ী, আজ রাত বাদ এশা রাত আটটায় গুলশান আজাদ মসজিদে দিতির প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।  এরপর ফের তাকে হাসপাতালের হিমাগারেই রাখা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ইউনাইটেড হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. সাগুফতা জানিয়েছেন, সকাল আটটা সাড়ে আটটার মধ্যে স্বজনদের উদ্দেশ্যে দিতিকে তার গুলশানের বাসভবনে নিয়ে যাওয়া হবে।  সেখানে কিছুক্ষণ অবস্থানের পর সকাল দশটা সাড়ে দশটার মধ্যে দিতিকে তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ে যাওয়া হবে।

দিতির শেষ ইচ্ছা অনুযায়ী তার মা ও দাদির কবরের পাশেই সমাহিত করা হবে।  এ কথা জানিয়েছেন ডা. সাগুফতা।

উল্লেখ্য, রোজার ঈদের কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ পড়েন দিতি।  দ্রুত তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।  পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ২৫ জুলাই আবাবো ভারতের চেন্নাইয়ের এমআইওটি হাসাপাতালে ভর্তি করা হয়।  

তখনো মায়ের পাশে সার্বক্ষণিকভাবে ছিলেন তার মেয়ে লামিয়া, কানাডা প্রবাসী ছেলে দীপ্ত ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহিম গুলজার।

তৃতীয়বারের মত মস্তিষ্কে অপারেশন করার পর দিতির শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হতে থাকে।  পরে তাকে আইসিইউতে নেয়া হয়।  ফেসবুকে লামিয়া জানিয়েছিলেন, তৃতীয়বারের মতো তার শরীরের সার্জারি করা দরকার। কিন্তু ডাক্তাররা বলেছেন, তার জন্য কিছু সময় নিতে হবে।  মারাত্মক অবস্থা থেকে তাকে ফিরে আনতে আমরা সবাই চেষ্টা করছি।

অবস্থার কোনোপ্রকার উন্নতি না হওয়ার পরিবারের পক্ষ থেকে তাকে বাংলাদেশের ফেরত আনা হয়।  এরপর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে সম্পূর্ণ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।  আজ দুনিয়া থেকে চিরবিদায় নিলেন তিনি।  
২০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে