বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমা ব্যবসা এখন অনেকটাই ধুকে ধুকে চলছে। আগের মতো আর নেই সিনেমা ব্যবসা। যার ফলে অনেক সিনেমা হল বন্ধ করে দিয়ে সেখানে গড়ে তোলা হয়েছে মার্কেট। তারপরও ধারা পরিবর্তনের লক্ষ্য প্রতিনিয়তই তৈরি হচ্ছে নতুন নতুন সিনেমা।
সাম্প্রতিক সময়ে বাংলা চলচ্চিত্রে অনেক অভিনেতা অভিনেত্রীই যুক্ত হয়েছেন। তাদের মধ্যে কেউ আছেন কেউ হারিয়ে গেছেন দর্শক হৃদয় জয় করতে না পেরে। এর মধ্যে আবার অনেকেই টিকে আছেন নিজের অবস্থান তৈরি করে।
এদিকে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলচ্চিত্র অভিনেতাদের পারিশ্রমিকও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে একটি ছবিতে অভিনয়ের জন্য ২০ থেকে ২৫ লাখ টাকাও পারিশ্রমিক নিয়ে থাকেন একজন অভিনেতা। হালের তেমনই ১০ অভিনেতার কথা আজ তুলে ধরা হবে। জানানো হবে তারা কে কত পাচ্ছেন পারিশ্রমিক।
শাকিব খান : ঢাকাই সিনেমাতে প্রায় দেড় যুগ আগে তার অভিষেক ঘটে। ক্যারিয়ারের শুরু থেকে নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে সাত বছরের মাথায় প্রথম ব্যবসাসফল ছবি উপহার দেন তিনি। বর্তমানে তিনিই ঢাকাই ছবির কিং। ঢাকাই সিনেমার অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন তিনি। বর্তমানে ছবিপ্রতি এই নায়ক ২০ থেকে ২৫ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন। যা ঢাকাই সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক এটি।
ফেরদৌস : র্যাম্প মডেল হিসেবে নব্বইয়ের দশকে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর 'বুকের ভেতর আগুন' শীর্ষক ছবির মাধ্যমে ১৯৯৭ সালে চলচ্চিত্রে পা রাখেন তিনি। তিনি দুই বাংলার চলচ্চিত্রে অভিনয় করছেন। এই নায়ক আগে ছবিপ্রতি ১২ থেকে ১৫ লাখ টাকা পারিশ্রমিক পেলেও ইদানীং তিনি ৫ থেকে ৭ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন।
আরেফিন শুভ : ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা এখন নিয়মিত চলচ্চিত্রে কাজ করছেন। 'জাগো' শীর্ষক চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। এরপর বেশ কটি ব্যবসাসফল চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। বর্তমানে তিনি ছবিপ্রতি ৭ থেকে ৮ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন।
বাপ্পী চৌধুরী : নারায়ণগঞ্জের ছেলে তিনি। ২০১২ সালে 'ভালোবাসার রঙ' শীর্ষক ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে প্রায় দুই ডজন ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তিনি প্রতিটি ছবিতে অভিনয়ের বিনিময়ে ৫ থেকে ৭ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন।
নিরব : মডেলিংয়ের মাধ্যমে শোবিজে আসেন তিনি। 'মন যেখানে হৃদয় সেখানে' শীর্ষক ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। প্রথম ছবিতে তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ২ লাখ টাকা। এরপর তার অভিনীত বেশ কিছু ছবি মুক্তি পায়। বর্তমানে তিনি ছবিপ্রতি ৩ থেকে ৪ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন।
ইমন : মডেল ও অভিনেতা তিনি। ২০০৭ সালে 'দারুচিনি দ্বীপ' ছবির মাধ্যমে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর বেশ কয়েকটি আলোচিত ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে তিনি ছবিপ্রতি ৩ থেকে ৪ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন।
কাজী মারুফ : ২০০২ সালে প্রখ্যাত চিত্র পরিচালক কাজী হায়াতের 'ইতিহাস' শীর্ষক ছবির মাধ্যমে কাজী মারুফের চলচ্চিত্রে অভিষেক ঘটে। প্রথম ছবিতেই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর তাকে অ্যাকশন ঘরানার ছবিতে বেশি দেখা গেছে। বর্তমানে তিনি ছবিপ্রতি ৪ থেকে ৫ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন।
সাইমন সাদিক : ২০১২ সালে 'জি হুজুর' শীর্ষক ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। প্রথম ছবিতে সাফল্যের মুখ না দেখলেও পরের বছর তার অভিনীত 'পোড়ামন' শীর্ষক ছবিটি দারুণ দর্শকপ্রিয়তা পায়। তিন বছরের ক্যারিয়ারে তিনি এক ডজনেরও বেশি ছবিতে অভিনয় করেন। বর্তমানে তিনি ছবিপ্রতি ৫ থেকে ৬ লাখ টাকা পাচ্ছেন।
জায়েদ খান : পিরোজপুরের ছেলে জায়েদ খান এফডিসির 'নতুন মুখের সন্ধানে' কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। ২০০৭ সালে জায়েদ খান অভিনীত 'ভালোবাসা ভালোবাসা' শীর্ষক ছবিটি মুক্তি পায়। এরপর বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেন। বর্তমানে তিনি ছবিপ্রতি ২ থেকে ৩ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন।
সম্রাট : রাজ্জাকপুত্র সম্রাট একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন। বর্তমানে চলচ্চিত্রের মন্দা অবস্থার কারণে কাজ কিছুটা কমিয়ে দিয়েছেন। বর্তমানে তিনি ছবিপ্রতি ২ থেকে ৩ লাখ টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন। চলচ্চিত্রের অবস্থা ভালো হলে আবার তিনি নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করবেন।
২২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন