বিনোদন ডেস্ক : রোবার শুটিং লোকেশনসহ সব কিছুই ছিলো ঠিকঠাক। কিন্তু হঠাৎ করেই খবর এলো, শুটিংয়ে আসতে পারছেন না পূর্ণিমা। তিনি গৃহবন্দী অবস্থায় আছেন! না কেউ তাকে জোর করে গৃহবন্দী করে রাখেনি। তিনি অসুস্থতার কারণে গৃহবন্দী।
বড়পর্দায় এখন আর পূর্ণিমাকে দেখা না গলেও ছোটপর্দায় মাঝে মাছে ঠিকই দেখা যায়। গেলো ঈদেও তিনি বেশ কয়েকটা নাটকের অভিনয় করেছেন। সেই ধারাবাহিকতায় রেদওয়ান রনির পরিচালনায় ‘ক্যান্ডি ক্রাশ’ শিরোনামের একটি ধারাবাহিকের সাথে তিনি যুক্ত হন। আর এই নাটকটির শুটিং ডেট ছিলো রোববার।
সব কিছুই ঠিকঠাক ছিলো। সেই মোতাবেক এদিন সকাল থেকেই শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পূর্ণিমা সব প্রস্তুতি নিলেও শনিবার রাতে অসুস্থতার কারণে হঠাৎই গৃহবন্দি হয়ে পড়েন। এজন্য পরিচালকের সঙ্গে কথা বলে শুটিং পিছিয়ে বর্তমানে বাসায়ই বিশ্রাম নিচ্ছেন।
পূর্ণিমা জানান, সবই ঠিকঠাক ছিল। হঠাৎ জ্বর-ঠাণ্ডা-কাশিতে আক্রান্ত হয়ে পড়েছি। এজন্য নির্ধারিত তারিখে শুটিং শুরু করতে পারলাম না। একটু সুস্থ হলেই এ ধারাবাহিকের কাজ শুরু করব।
‘ক্যান্ডি ক্রাশ’ ধারাবাহিক নাটকে পূর্ণিমাকে মনিকা নামের একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার তার সঙ্গে কাজ হচ্ছে রেদওয়ান রনির। ধারাবাহিকটি লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী।
রেদওয়ান রনি জানান, রোববার থেকে শুটিং শুরু করার কথা ছিল। পূর্ণিমার অসুস্থতার কারণে তা আপাতত বন্ধ রেখেছি। নিকেতনে পপকর্ণ স্টুডিওতে এ ধারাবাহিকের শুটিং করব। অনেকদিন পর নিজে একটি ধারাবাহিকের কাজ পরিচালনা করছি। পূর্ণিমা সুস্থ হলেই ধারাবাহিকটির কাজ শুরু করব।
নাগরিক টিভির জন্য নির্মিতব্য ‘ক্যান্ডি ক্রাশ’ ধারাবাহিকে আরও অভিনয় করবেন তৌসিফ মাহবুব, সুমন পাটওয়ারী, সাফা কবির, সাবিলা নূর, বাপ্পী আশরাফ প্রমুখ। ১০০ পর্বের জন্য এই ধারাবাহিকটি নির্মাণ হবে।
২২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন