মঙ্গলবার, ০৭ জুন, ২০১৬, ০১:১২:৩৮

সালমান খানের প্রশ্ন, অলিম্পিকের শুভেচ্ছা দূত সচিন, রহমান কেন?

সালমান খানের প্রশ্ন, অলিম্পিকের শুভেচ্ছা দূত সচিন, রহমান কেন?

বিনোদন ডেস্ক : অলিম্পিক গেমসে সালমান খানকে শুভেচ্ছা দূত করায় শুরু হয়েছিল বিতর্ক। তবে এ বিতর্ক নিয়ে এ পর্যন্ত মুখ খুলেননি ভাইজান। এবার অবশ্য এনিয়ে মুখ খুলেছেন তিনি।

এতদিন সালমানকে নিয়ে যে বিতর্ক হচ্ছিল, সেই বিতর্কটাই দেশের অলিম্পিকের শুভেচ্ছা দূত হিসেবে মনোনিত হওয়া সচিন টেন্ডুলকার ও এ আর রহমানের দিকে ঘুরিয়ে দিয়েছেন এই সুপারস্টার।

বলিউডের ভাইজান বললেন, ‘আমায় যখন অলিম্পিকের শুভেচ্ছা দূত নিয়োগ করা হলো, তখন মিডিয়া খুব করে প্রচার চালালো। এই প্রচারে আমায় খুব সমালোচনা করা হল। অথচ সচিন-রহমানদের শুভেচ্ছা দূত নিয়োগের সময় মিডিয়া সেভাবে মুখই খুলল না।’

সালমান পাল্টা আক্রমণের সুরে বলেন, ‘এ আর রহমান কোনও দিন কোনও কিছু খেলছেন বলে আমি শুনিনি। আবার সচিনের প্রসঙ্গে সালমানের বক্তব্য হল, উনি তো শুধু একটাই খেলায় গিয়েছেন।’

সালমানের প্রশ্ন হলো কাদের ক্রীড়াবিদ বলা হবে? শুধু পদক জিতলে বলা হবে! রাজ্যস্তরে ক্রীড়া সার্টিফিকেট থাকলে বলা হবে! এটা ঠিক নয়। যেসব মানুষ বা ছোট ছেলেরা খেলাটাকে ভালবাসে, ক্রীড়াবিদকে ভালবাসবে তাদেরও খেলার মুখ হিসেবে ব্যবহার করা উচিত। সালমান খান বলেন, 'কেন শুধু আমাকেই টার্গেট করা হয় জানি না।'

ভাইজান শুভেচ্ছা দূত হওয়ার পর সমালোচকরা বলেছিলেন, ওনার বিরুদ্ধে আদালতে মামলা চলছে, তাই দেশের মান সম্মানের প্রশ্নে এই দায়িত্ব দেওয়া উচিত হয়নি। এই সমালোচনারও জবাব দিয়েছেন বলিউডের 'কিক বয়'।

তিনি বলেন, দেশের অনেক রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও তো কত বড় বড় অভিযোগে কেস চলছে। কার বিরুদ্ধে পাশবিক নির্যাতন, কারও বিরুদ্ধে দুর্নীতির মত মামলা। অথচ এরাই দেশ চালাচ্ছে। ওই রাজনীতিবিদরা যদি পদত্যাগ করেন, তাহলে তিনিও অলিম্পিকের শুভেচ্ছা দূত হিসেবে সরে দাঁড়াবেন।  

শুভেচ্ছা দূত হওয়াটা আসলে নাকি তার আসন্ন সিনেমা সুলতানের প্রচারের জন্য। এই অভিযোগটা উড়িয়ে দিয়ে সালমানের বক্তব্য, দেশের খেলাকে উন্নতির জন্যই তিনি আইওএ'র প্রস্তাবে সাড়া দেন।
৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে