এমটিনিউজ২৪ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় মির্জা মো. তরিকুল ইসলাম নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে ঠিকাদার ও তার লোকজনের বিরুদ্ধে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নবীনগর উপজেলার শিবপুর থেকে মেরকুটা পর্যন্ত সড়কে রিটেইনিং ওয়ালের নির্মাণকাজ চলছে। এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লোকমান এন্টারপ্রাইজ। তবে নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে কাজের মান তদারকিতে গিয়ে সত্যতা পান উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম। এ সময় কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় কথা কাটাকাটির একপর্যায়ে মেজাজ হারিয়ে প্রকৌশলী তরিকুলকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করেন ঠিকাদার লোকমান ও তার লোকজন।
এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম বলেন, কাজের মান নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঠিকাদার ও তার লোকজন আমাকে মারার জন্য তাড়া করে। আমি কোনোরকম দৌঁড়ে গিয়ে রক্ষা পাই।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ঠিকাদার লোকমান হোসেনকে ফোন করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।