এমটিনিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।
পুলিশ ওই স্থানীয় সূত্রে জানা গেছে, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁর সঙ্গে বিএনপি কর্মী আক্তার ও যুবদল নেতা রুবেলের মধ্যে নানা বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার রাতে গ্রামের তুলাতলা এলাকায় এনাম খাঁকে বেধড়ক মারধর করে বকুল গ্রুপের আক্তার, রুবেলসহ তাদের লোকজন। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুল হক বলেন, পূর্ব বিরোধের জের ধরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ ও আক্তার-রুবেলের লোকজন সকাল থেকে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।