শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ০৭:৪৩:৫১

কাটার পর আবারও ‘উঠে দাঁড়াল ঝড়ে পড়া গাছ’, রীতি মতো হইচই

কাটার পর আবারও ‘উঠে দাঁড়াল ঝড়ে পড়া গাছ’, রীতি মতো হইচই

এমটিনিউজ২৪ ডেস্ক : ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবার দাঁড়িয়ে যায়। গাছের গোড়া কাটার পরও এটি ঠায় দাঁড়িয়েছে- এমন ঘটনার খবরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার এই গাছ নিয়ে রীতি মতো হইচই শুরু হয়েছে।

উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামের এ গাছটি দেখতে শত শত লোক এসে ভিড় জমাচ্ছেন। গাছের শেকড়-বাকল নেওয়ার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ; করছেন মানত।

খোঁজ নিয়ে জানা গেছে, ডালপালাহীন গাছটির একটি অংশ দাঁড়িয়ে আছে। এর নীচের অংশ কাটা। গাছে লাল কাপড় বাঁধা। চারিদিকে নিশানা টানিয়ে দেওয়া হয়েছে। এলাকার মানুষ বলছেন, ঘটনাটি অলৌকিক। সৃষ্টিকর্তার ইশারাতেই এমন হয়েছে। তারা গাছটিকে দেখে-শুনে রাখছেন।

ওই বাড়ির পরিবারের সদস্য শারমীন সুলতানা সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি গাছটি পড়তেও দেখেছেন ওঠার সময়ও দেখেছেন। মাস দেড়েক আগে প্রচণ্ড ঝড়ে গাছটি পড়ে যায়। গাছটি কেটে টুকরা টুকরা করার পর হঠাৎ উঠে দাঁড়ায়। দেখামাত্রই তিনি চিৎকার করেন। এরপর বাড়িসহ আশপাশের লোকজন বিষয়টি দেখেন।

পরিবারের সদস্য আবুল বাশার মুন্সী গণমাধ্যমকে বলেন, এটি আমার এক ভাতিজার গাছ। তুফানে পড়ে গেলে বিক্রি করা হয়। গাছ কাটার পর এটি আবার দাঁড়িয়ে যায়। এটা সরাসরি আল্লাহর কুদরত।

গাছের মালিক মাহবুব মুন্সী গণমাধ্যমকে বলেন, আল্লাহ ভালো জানেন, কীভাবে কি হয়েছে। এখন গাছ দেখতে প্রতিদিন শত শত লোক আসছেন, মানত করছেন, আগরবাতি-মোমবাতি জ্বালাচ্ছেন। অনেকে শিকড় নিয়ে যাচ্ছেন। তাদের ধারণা এতে রোগ বালাই ভালো হবে।

কাঠুরিয়া মো. আমিন মিয়ার দাবি, গাছটি ঝড়ে মাটিতে পড়ে যায়। শেঁকড়সহ উলটে যায়। ডালা কাটার পর আবার দাঁড়িয়ে যায়। গোড়া কয়েক ইঞ্চি জায়গা কেটে দিলে এটি আবার পড়ে যাবে। এখানে জিন-ভূত বলে কিছু নেই। তবে রহস্যময় ঘটনার কারণে মানুষ ভিড় করছে গাছটিকে দেখার জন্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে