বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:১৮:২৬

গুলশানে পুলিশের এডিসিকে মারধর, শরীরে ১৭টি সেলাই লেগেছে, গ্রেপ্তার ৫

গুলশানে পুলিশের এডিসিকে মারধর, শরীরে ১৭টি সেলাই লেগেছে, গ্রেপ্তার ৫

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর গুলশানে গাড়ির ধাক্কাকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারকে মারধর করা হয়েছে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মারধরে গুরুতর আহত ওই কর্মকর্তার শরীরে ১৭টি সেলাই লেগেছে এবং তিনি বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গুলশান পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ডিএমপির হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়েছে।

মারধরের ঘটনায় গ্রেপ্তাররা হলেন– মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন।

ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের সৈয়দ মোহাম্মদ ফরহাদ ঘটনার বিবরণ দিয়ে বলেন, এডিসি মাহফুজ্জামান ডিউটি শেষে বাসায় ফেরার সময় পুলিশ প্লাজার পেছনে একটি গাড়ির বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) মো. মহিউদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা একটি বার থেকে ম দ খেয়ে বের হয়েছিলেন। পাশাপাশি চলাচলের সময় পুলিশের গাড়ির সঙ্গে তাদের গাড়ির সামান্য ঘেঁষাঘেঁষির মতো পরিস্থিতি তৈরি হয়। তখন তারা এডিসির গাড়ি রোধ করেন। গাড়ির সামনে পুলিশের লোগো দেখে তারা উত্তেজিত হয়ে ওঠেন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন।

একপর্যায়ে তারা বার থেকে আরও লোকজনকে ফোন করে ডেকে আনেন। ২০ থেকে ২২ জন মিলে পুলিশ কর্মকর্তার ওপর ঝাঁপিয়ে পড়েন। মহিউদ্দিন আরও জানান, মাহফুজ্জামানের শরীরের বিভিন্ন জায়গায় ১৭টি সেলাই লেগেছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, হামলাকারীরা মূলত ব্যবসায়ী। তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সময় তারা ম দ্য প অবস্থায় ছিলেন। গ্রেপ্তার পাঁচজন বর্তমানে থানায় আছেন এবং এই ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করতে তদন্ত চলমান রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে