এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা সিটি হাউজিং ও বসিলা ৪০ ফিট এলাকায় ব্যবসায়ীদের চাঁদার হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ ফারুক ওরফে কালা ফারুককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাকে নিয়ে এলাকায় মাইকিং করে চাঁদাবাজির বিরুদ্ধে সতর্কবার্তা দেওয়া হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার কেরাণীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, ফারুক ও তার সহযোগীরা বসিলা গার্ডেন সিটি ও আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদার হুমকি দিত। অভিযোগের ভিত্তিতে পুলিশ গোয়েন্দা তথ্য ব্যবহার করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
অভিযান সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বসিলায় দোকান ও মার্কেটে গিয়ে চাঁদার দাবিতে হুমকি দেওয়ার বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আত্মগোপনে চলে যায় ফারুক। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরাণীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় ধলেশ্বরী নদীর তীর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ নিজ হাতে চাঁদাবাজকে নিয়ে এলাকায় মাইকিং করেন।
তিনি বলেন, “আপনারা কাউকে চাঁদা দিবেন না। দেখুন, চাঁদাবাজকে ধরেছি। কোথাও চাঁদাবাজ পেলে তা আমাদের জানাবেন।”
পুলিশের এই পদক্ষেপ এলাকার ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি তৈরি করেছে এবং চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে।