এমটিনিউজ২৪ ডেস্ক : ঈদ উপলক্ষ্যে রাজধানীর বাজারে মাংসের দাম বেড়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) নিত্যপণ্যের বাজারে গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ২৩০ টাকায় এবং সোনালী মুরগি ৩৮০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে।
বেশিরভাগ দোকানে প্রতিকেজি গরুর মাংস ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে, কিছু দোকানে ৮০০ বা ৭৮০ টাকায়ও পাওয়া যাচ্ছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে, সোনালী মুরগির দাম সপ্তাহ ব্যবধানে ২০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।
ক্রেতারা বলছেন, ঈদ উৎসবে মাংসের চাহিদা বেড়ে যাওয়ায় দফায় দফায় দাম বাড়ানো হচ্ছে। তারা মনে করেন, সরকার তদারকি বাড়ালে আগের দামে মাংস কেনা যেত।
ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষ্যে খামারিরা গরুর দাম বাড়িয়েছেন, ফলে মাংসের দাম বেশি পড়ছে। মাংস বিক্রেতা কোরবান মিয়া বলেন, কেজিপ্রতি গরুর মাংস ৮৫০ টাকায় বিক্রি না করলে লাভ থাকবে না।
মালিবাগ চৌধুরীপাড়ার এক মাংস বিক্রেতা জানান, বেশি দামে গরু কিনে কম দামে মাংস বিক্রি সম্ভব নয়। ব্রয়লার মুরগির দাম মূলত ঈদকে কেন্দ্র করে কেজিতে ১০ টাকা বাড়তি নেওয়া হচ্ছে।
মোহাম্মদ নয়ন বলেন, সোনালী মুরগির চাহিদা বেশি হওয়ায় দামও বেশি বাড়ছে। তিনি কেজি ৪০০ টাকায় বিক্রি করছেন, অনেকে আরও বেশি দামে বিক্রি করছে। খরচ বেশি পড়ায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।