এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার পর হঠাৎ করেই রাজধানীর আকাশ কালো হয়ে ওঠে। ৭টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে ধুলিঝড় বয়ে যায় বিভিন্ন এলাকায়। এরপর রাত ৮টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। বাংলামোটর, শাহবাগ, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকা বৃষ্টিতে ভিজেছে।
এ সময় বৃষ্টির সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় শিলা পড়তেও দেখা গেছে। এছাড়া বৃষ্টির পাশাপাশি বিদ্যুৎ চমকানোসহ বিকট শব্দে বজ্রপাতও হয়। ভারি বৃষ্টির কারণে পথচারী ও ফুটপাতের খুচরা দোকানিরা পড়েন ভোগান্তিতে।
এদিকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় জানানো হয়, ঢাকা, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড় ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সে সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড় ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এ সময়ে।
এরপর রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড় ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সে সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।