বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ০৬:৩৮:৩৪

গোপালগঞ্জে আরেক পুলিশ সদস্যকে কুপাল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

গোপালগঞ্জে আরেক পুলিশ সদস্যকে কুপাল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

এমটিনিউজ ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে এক পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার জিসি পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ পরিদর্শকের নাম আবু আলম। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এসময় থানার পুলিশ পরিদর্শক আবু আলম মিছিলের সামনে পড়ে যান। তখন তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। বর্তমানে তিনি কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে রোববার (১৫ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়ায় মোসলেম আলী নামের এক এসআইকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তিনি টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলার বাদী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।