এমটিনিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুরে বিএনপির শতাধিক দলীয় ও ওয়ার্ড কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। একই সঙ্গে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়ি, উপজেলা বিএনপির কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় মুকসুদপুর সোনালী ব্যাংক মোড়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এ সময় ১৯ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা।
সমাবেশে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আ. ছালাম খান অভিযোগ করেন, মুকসুদপুর পৌরসভা ও ১৬টি ইউনিয়নের বিভিন্ন স্থানে বিএনপির শতাধিক দলীয় ও ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পাশাপাশি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।
তিনি বলেন, সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম যে কর্মসূচি ঘোষণা করবেন, দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তা বাস্তবায়নে রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু বলেন, ফ্যাসিবাদের দোসররা তাদের নেতা সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। মুকসুদপুর বাজারে লুটপাটের পাশাপাশি উপজেলা বিএনপির কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
তিনি বলেন, গণতান্ত্রিক উপায়ে রাজপথে থেকে আগুন সন্ত্রাস ও ফ্যাসিবাদের মোকাবিলা করা হবে। ফ্যাসিবাদের দোসরদের আর ছাড় দেওয়া হবে না।
সমাবেশে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আ. বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইজাজ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আ. কাইউম শরিফ, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্যসচিব আ. কাইউম মুন্সি, উপজেলা ওলামা দলের আহ্বায়ক এনামুল হাসান মাসুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন, সাধারণ সম্পাদক জুবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সিসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।