সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:২৩:৪৯

গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

এমটিনিউজ ডেস্ক : অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের দুপক্ষে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পালটাধাওয়া, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি নিজেদের মধ্যে গোলাগুলিও হয়েছে।

এতে তিনজন গুলিবিদ্ধ ও ২৫ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট বটতলা এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

গুলিবিদ্ধ তিনজন হলেন-চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান, শাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা ও কবীর মোল্লার ছেলে জাহিদুল মোল্লা। এছাড়া দেশীয় অস্ত্রের আঘাতে একাধিক আহতকে গোপালগঞ্জ  ৫০০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ শহরের লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। তারা ঢাল, সড়কি, টেঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে-অপরের মুখোমুখি হয়। এ সময় শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজিবি, আনসার ও এসআরবি সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।