বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ০৪:৩৫:২০

গোপালগঞ্জে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম

গোপালগঞ্জে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম

এমটিনিউজ ডেস্ক : গোপালগঞ্জে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার, অধিকাংশ এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন, লেনদেন ও বিল পরিশোধ করতে না পেরে বিপাকে পড়েছেন হাজারো মানুষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা যায়, বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্ট দোকান বন্ধ রয়েছে। কিছু দোকান খোলা থাকলেও সেখানে কোনো ধরনের লেনদেন হচ্ছে না। একই অবস্থা জেলা শহরের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতেও। সেবা নিতে এসে অফিস বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকরা।

কাস্টমার কেয়ার সেন্টারের সামনে অপেক্ষমাণ ভুক্তভোগী গ্রাহক জাবেদ বলেন, সকাল থেকে টাকার জন্য ঘুরছি। দোকানে গেলে বলছে সার্ভার বন্ধ অথবা টাকা নেই। কাস্টমার কেয়ারে এসে দেখি তালা মারা। জরুরি চিকিৎসার জন্য টাকা পাঠাতে হবে, কিন্তু কোনো উপায় পাচ্ছি না।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম জানান, গত বুধবার রাত থেকেই তিনি বিকাশে লেনদেন করতে পারছেন না। কল সেন্টারে যোগাযোগ করেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাননি। বৃহস্পতিবার দুপুরে তার মোবাইলে একটি বার্তা আসে, যেখানে জানানো হয়, তার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, বিকাশেই আমি নিয়মিত লেনদেন করি। আমার প্রয়োজনীয় সব টাকা বিকাশে রয়েছে। এখন টাকা ব্যবহার করতে না পারায় চরম সমস্যায় পড়েছি।

ক্ষুদ্র ব্যবসায়ী সাজ্জাদ বলেন, আমাদের প্রতিদিনের ব্যবসায়িক লেনদেন বিকাশ ও নগদের ওপর নির্ভরশীল। হঠাৎ এজেন্ট অফিস ও দোকান বন্ধ থাকায় টাকা ক্যাশ আউট করতে পারছি না। কিছু নম্বর এখনো সচল রয়েছে, সেগুলো দিয়েই আপাতত কাজ চালাচ্ছি।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক বলেন, গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামী ৩০ নভেম্বর থেকে আবার সেবা চালু হতে পারে।

হঠাৎ করে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ গ্রাহক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত বিকাশ ও নগদের স্বাভাবিক কার্যক্রম চালু এবং গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা অর্থ ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।