সোমবার, ২৫ মে, ২০২৬, ০২:২৭:১৫

৩৩ বছর পর ছায়া থাকবে না কাবা শরিফ, সূর্য চলে আসবে ঠিক ওপরে

৩৩ বছর পর ছায়া থাকবে না কাবা শরিফ, সূর্য চলে আসবে ঠিক ওপরে

ইসলাম ডেস্ক : পবিত্র আরাফাতের দিনে এবার ঘটতে যাচ্ছে এক বিরল জ্যোতির্বিজ্ঞানিক ঘটনা। আগামী মঙ্গলবার ২৭ মে অর্থাৎ ৯ জিলহজ ১৪৪৭ হিজরিতে সৌদি আরবের মক্কায় কাবা শরিফের ঠিক ওপরে অবস্থান করবে সূর্য। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এমন ঘটনা প্রতি ৩৩ বছরে মাত্র একবার ঘটে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই দিন স্থানীয় সময় দুপুরে সূর্য সরাসরি কাবা শরিফের ওপর অবস্থান নেবে। এ সময় মক্কায় কোনো বস্তুর ছায়া দেখা যাবে না, কারণ সূর্যের অবস্থান হবে সম্পূর্ণ খাড়াভাবে মাথার ওপরে।

 ভৌগোলিক অবস্থানের কারণে বছরে দুইবার সূর্য কাবার ওপর সরাসরি অবস্থান করে। মক্কা কর্কটক্রান্তি রেখার কাছাকাছি ২১ দশমিক ৪ ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত হওয়ায় সূর্যের আপাত গতিপথের সঙ্গে এ ঘটনা ঘটে থাকে।

তবে আরাফাতের দিনের সঙ্গে এবার মিলে যাওয়ায় এ ঘটনাকে বিশেষ করে তুলেছে। কারণ, কাবার ওপর সূর্যের সরাসরি অবস্থান এবং আরাফাতের দিন একই সময়ে পড়ার ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৯৩ সালে।
 
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, হিজরি চন্দ্র বর্ষপঞ্জি ও গ্রেগরিয়ান সৌর বর্ষপঞ্জির পার্থক্যের কারণেই এমন বিরল সমাপতন ঘটে। চন্দ্র বছরের সঙ্গে সৌর বছরের তারিখ পুনরায় মিলতে প্রায় ৩৩ বছর সময় নেয়।
 
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, এটি একটি স্বাভাবিক ও পুনরাবৃত্ত জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এর সঙ্গে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির সরাসরি সম্পর্ক নেই।
 
সৌদি সংবাদমাধ্যম আজেলের বরাতে আবহাওয়া কেন্দ্র জানায়, আবহাওয়া কেবল সূর্যের অবস্থানের ওপর নির্ভর করে না। আর্দ্রতা, মেঘের উপস্থিতি, বাতাসের গতি এবং বায়ুপ্রবাহের মতো বিভিন্ন জলবায়ুগত উপাদান তাপমাত্রা নির্ধারণে ভূমিকা রাখে।
 
জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল-কাহতানি বলেন, এ ধরনের ঘটনা প্রতিবছরই জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের অংশ হিসেবে নজরদারিতে করা হয়। এ ঘটনাকে ঘিরে রেকর্ড গরমের যে দাবি করা হচ্ছে, তা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তথ্যসূত্র: গালফ নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে