মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৩১:২৩

যে সহজ আমলে দূর হয় দুশ্চিন্তা

যে সহজ আমলে দূর হয় দুশ্চিন্তা

ইসলাম ডেস্ক : মানুষের জীবনে দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা আসতেই পারে। ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সংকট কিংবা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা অনেক সময় মনকে ভারাক্রান্ত করে তোলে। এমন পরিস্থিতিতে হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখা এবং তার স্মরণে নিজেকে নিয়োজিত করা জরুরি। ইসলাম দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে মুক্তি পেতে বেশ কিছু সহজ আমল ও দোয়ার শিক্ষা দিয়েছে।

কোরআন-হাদিসের আলোকে জেনে নেওয়া যাক, দুশ্চিন্তা দূর করতে যে চারটি আমল করতে পারেন:

১. দোয়া

দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়ার মাধ্যমে দুঃখ-কষ্ট, দুশ্চিন্তা ও অস্থিরতা দূর হয়ে যায়। আল্লাহর সাহায্য পাওয়া যায়।

পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করে, আমি তো (তাদের) কাছেই আছি। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দিই। (সুরা বাকারা : ১৮৬)

রাসুলুল্লাহ (সা.) দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য এই দোয়া করতেন, ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, ওয়াল আজাজি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দালায়িদ দাইনি ওয়া গালাবাতির রিজালি।’ (বোখারি : ২৮২৯)

অর্থ : হে আল্লাহ, আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে এবং ঋণের বোঝা ও মানুষের নিপীড়ন থেকে।

২. আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করা

মানুষ প্রতিটি মুহূর্তে আল্লাহর অগণিত নিয়ামতে সিক্ত। কিন্তু আমরা সমস্যার দিকে তাকিয়ে নিয়ামত ভুলে যাই। অথচ নিয়ামত বেশি মনে করলে অস্থিরতা দূর হয়ে যায়।

আল্লাহ বলেন, তিনি তোমাদের সবকিছুই দিয়েছেন, যা তোমরা চেয়েছো। আর তোমরা আল্লাহর অনুগ্রহ গুনে শেষ করতে পারবে না। (সুরা ইবরাহিম : ৩৪)

৩. আল্লাহর ওপর ভরসা করা

যার অন্তর আল্লাহর ওপর ভরসায় পূর্ণ, সে কখনো অস্থির হয় না। হজরত ইবরাহিম (আ.) অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার সময় বলেছিলেন, ‘আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনিই উত্তম কর্মবিধায়ক।’ মহান আল্লাহ তাঁর জন্য উত্তপ্ত আগুনকে শীতল করে দিয়েছিলেন, এমনিভাবে সাহাবায়ে কেরামকে যখন আবু সুফিয়ানের বাহিনীর ভয় দেখানো হলো, তখন তাঁরাও এই বাক্যে আল্লাহর ওপর আস্থার সাক্ষী দেন, মহান আল্লাহ তাদেরও সাহায্য করেছিলেন।

এ বিষয়ে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যাদের মানুষ বলেছিল যে নিশ্চয়ই লোকেরা তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে। সুতরাং তাদের ভয় করো। ’ কিন্তু তা তাদের ইমান বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক! অতঃপর তারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহসহ ফিরে এলো, কোনো প্রকার অনিষ্ট তাদের স্পর্শ করেনি, তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল এবং আল্লাহ মহাকল্যাণময়। (সুরা আলে ইমরান : ১৭৩-১৭৪)

৪. ধৈর্য ধরা

ধৈর্যশীল মানুষ অস্থির হয় না। কারণ আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই থাকেন। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। (সুরা বাকারা : ১৫৩)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।