এমটিনিউজ২৪ ডেস্ক : ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই একত্র হয়ে হাতপাখায় ভোট দিন।
রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে কমলনগর উপজেলায় হাজিরহাট এলাকায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এ নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি, বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।
তিনি আরও বলেন, জামায়াত স্পষ্টভাবে বলেছে, তারা ইসলামী শরিয়ায় দেশ চালাবে না। তারা ক্ষমতায় গেলে প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে। তাদের প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল না।
চরমোনাই পীর বলেন, তারা ক্ষমতায় গেলে কোন নীতি আদর্শে দেশ পরিচালনা করবে, যে নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। যে নীতি আদর্শে এ দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে। রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত, খুন হয়ে যেতো এ নীতিতে তারা দেশ চালানোর পাঁয়তারা করছে।
লক্ষ্মীপুর-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও জেলা সভাপতি ক্যাপ্টেন মুহাম্মদ ইব্রাহিম, জেলা সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।