এমটিনিউজ২৪ ডেস্ক : দেশজুড়ে শীতের তীব্রতা কিছুটা কমলেও দাপট এখনই শেষ হচ্ছে না। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের বিভিন্ন এলাকায় একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে এ মাসেই অন্তত দুই দিন বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল রবিবার দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে দেশে স্বাভাবিকের অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। তবে এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে ১টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এতে আরো বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১-২ দিন বজ্রবৃষ্টি বা শিলাসহ বজ্র বৃষ্টি হতে পারে। প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকতে পারে।