বুধবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০৪:৫৮

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : মাসুদ সাঈদী

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : মাসুদ সাঈদী

এমটিনিউজ২৪ ডেস্ক : পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, আমরা সকলেই জানি এবং বিশ্বাস করি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটি চক্র আমিরে জামায়াতের বক্তব্য বিকৃত করে ভুল তথ্য ছড়াচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।

আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর শহরের হোটেল নায়োরীতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। তিনি জানান, শুক্রবারের সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটাবে জামায়াত।
 
তিনি আরও জানান, সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা আক্তার মিতুসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।
 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনে ১১ দলীয় জোটের শরিক এনসিপির প্রার্থী ড. শামীম হামিদী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, পৌর আমির ইসহাক আলী খান, খেলাফত মজলিশের জেলা সভাপতি নাসির উদ্দিন ওসমানী প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে