এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি বক্তব্যের খণ্ডিত অংশ নিয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে বিভিন্ন ভুইফোড় ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও একটি দলের কর্মীরা।
এরকমই একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, তারেক রহমান নাকি বলেছেন আগামী জনগণ বিএনপির পা ধরবে। না হলে কারও রক্ষা নাই।
ভিডিওটি গত ৪ ফেব্রুয়ারি দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভার। সেখানে বিএনপি চেয়ারম্যান বলেছিলেন, ‘নেতাদের বলব- ১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন। জনগণ পাশে না থাকলে কি হয়- সেটি ৫ আগস্ট দেখা গিয়েছিল।’
তিনি বলেছিলেন, ‘৫ আগস্টের পরে দেখেছি, স্বৈরাচার যে ভাষায় জনগণকে কথা বলতো, গুণীমানি ব্যক্তিকে অপদস্থ করতো, মানুষকে ছোট করতো। দুঃখের সঙ্গে খেয়াল করলাম, সেই রীতি বন্ধ হয়নি। একটি দল গুপ্ত পরিচয়ে পরিচিত, তারা এখন নতুন জালেমের ভূমিকায় দেশের মানুষের কাছে আবির্ভাব হয়েছে।’
ওই জনসভায় তারেক রহমান আরও বলেছিলেন, ‘গুপ্তদের কুমিল্লা জেলার একজন নেতা বলেছেন, ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। কোন পর্যায়ের মানুষ তারা, কোন পর্যায়ের মানুষ হলে জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করছে, মানুষকে কিভাবে তারা ট্রিট করছে, তাদের মানসিকতা কোন পর্যায়ের তা বেরিয়ে এসেছে। এরা নির্বাচিত হলে জনগণের ভাগ্যে কী দুর্বিসহ জীবন নেমে আসবে, তা বোঝা যাবে। তাই গুপ্তদের উচিৎ শিক্ষা দিতে হবে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আগামীর বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে।’
মূলত, বিএনপি চেয়ারম্যান ওইদিন ‘গুপ্তদের কুমিল্লা জেলার একজন নেতা’ বলতে জামায়াত নেতা আব্দুল্লাহ মো তাহেরকে ইঙ্গিত করেছিলেন। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের প্রার্থী ও দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ তাহের এক সভায় আলোচিত মন্তব্যটি করেছিলেন। তার দেওয়া সেই বক্তব্যকেই তারেক রহমান সমালোচনা করেন।
তবে, তারেক রহমানের মূল বক্তব্যটির একটি খণ্ডিত অংশকে বিকৃত করে কিছু ভুইফোড় পেইজ ও ব্যক্তি অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে দেখা যাচ্ছে।