এমটিনিউজ২৪ ডেস্ক : ভালোবাসা এক ধরনের অনুভূতি, যা প্রকাশের চেয়ে অনুভবেই বেশি গভীর। সব কথা সবসময় ভাষায় বলা যায় না, তবুও মানুষের হৃদয়ের সবচেয়ে সুন্দর আবেগ হলো ভালোবাসা। রোমিও-জুলিয়েট কিংবা লায়লা-মজনুর মতো চিরন্তন প্রেমের গল্পগুলো আমাদের শিখিয়েছে ভালোবাসা মানেই দু’জন মানুষের অন্তরের বন্ধন।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্বজুড়ে ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ প্রপোজ ডে। এই দিনে প্রিয় মানুষের কাছে নিজের অনুভূতি প্রকাশ করে অনেকেই সম্পর্কের নতুন অধ্যায় শুরু করেন। যারা তাদের সম্পর্ককে নতুন নাম দিতে চান কিংবা দীর্ঘদিনের না বলা কথাগুলো জানাতে চান, তাদের জন্য প্রপোজ ডে একটি বিশেষ সুযোগ।
তবে মনের ভেতর ভালোবাসা থাকলেও অনেকেই দ্বিধায় ভোগেন- কীভাবে বলবেন, কোন উপায়ে প্রস্তাব দেবেন। চলুন জেনে নেওয়া যাক প্রিয় মানুষটির কাছে মনের কথা জানানোর কিছু সৃজনশীল ও সহজ উপায়-
চিঠি কিংবা কবিতা
নিজের মনের ভাবগুলো লিখে প্রিয় মানুষটিকে দিন। লেখার সময় নিজে যা ভাবেন, তাই লিখুন। খুব বেশি লিখতে না পারলে ৪ লাইনের ভালোবাসার একটি কবিতা তাকে উপহার দিতে পারেন। এতে আপনার প্রিয় মানুষটিকে ভালোবাসার কথাও বলা হয়ে যাবে।
স্মৃতিচারণের মাঝে প্রপোজ
আপনাদের নিজেদের স্মৃতিগুলোকে সংগ্রহ করুন। তা হতে পারে কোনো ছবি বা অন্য যেকোনো স্মৃতি। এরপর তা সুন্দরভাবে একটি বাক্সের ভিতরে রাখুন। প্রতিটি ছবির পিছনে একটি নোট লিখুন এবং সর্বশেষ নোটটিতে তাকে প্রপোজ করে ফেলুন।
অনলাইন প্রপোজ
আপনার প্রিয় মানুষটি যদি টেক নির্ভরশীল হয়ে থাকে, তাহলে সে উপায়েই প্রপোজ করুন। তিনি পছন্দ না করে থাকতে পারবে না। নিজেদের জন্য একটি ইন্টারেক্টিভ ওয়েবসাইট ব্যবহার করুন। এতে আপনাদের মধ্যে কথা বলা আরও সহজ হয়ে যাবে।
আংটি
যদি আপনি অনেকদিন সময় নিয়ে থাকেন, তবে আজ একটি আংটি নিয়ে গিয়ে সাহস করে বলেই ফেলুন ভালোবাসার কথা। সুন্দর একটি আংটি নির্বাচন করে প্রিয়জনকে প্রশ্ন করতে পারেন, সে আংটি-টি পরতে রাজি আছে কি-না?
গান গেয়ে প্রপোজ
মনের ভাব সহজেই প্রকাশ করা যায় গানের মাধ্যমে। আর আপনি যখন প্রিয় মানুষটির সাথে কথা বলতে চাইছেন সেক্ষেত্রে গান উত্তম উপায়। এতে আপনার সঙ্গী সহজেই আপনার কথা বুঝে যাবে। আর গানটি যদি আপনি নিজে লিখে শোনান তাহলে-তো কথায় নেই। এক কথায় গানের মাধ্যমে প্রিয় মানুষটিকে স্পেশাল ফিল করাতে পারলেই আপনার কাজ হয়ে যাবে।
বইয়ের মাধ্যমে ভালোবাসা প্রকাশ
আপনার সেই মানুষটি সাহিত্যপ্রেমী হয়ে থাকে তাহলে কোনো একটি ভালোবাসার বই উপহার দিন, তবে বইয়ে নিজ হাতে দুই লাইনে আবেগের কথাগুলো লিখে দেন। অথবা চিরকুটে ভালবাসা বা বিয়ের প্রস্তাবটি লিখে ভিতরে রেখে দিন এবং তাকে বইটি থেকে একটি নির্দিষ্ট পৃষ্ঠা পড়তে বলুন। এতে সে প্রচণ্ড অবাক ও খুশি হয়ে উঠবে।
প্রপোজ ডে-র ইতিহাস সরাসরি ভ্যালেন্টাইন্স সপ্তাহের সঙ্গে যুক্ত, যা প্রেম এবং রোমান্স উদ্যাপনের জন্য পরিচিত। ১৮শ এবং ১৯শ শতাব্দীতে ইউরোপ এবং আমেরিকায় পুরুষরা আনুষ্ঠানিকভাবে আংটি দিয়ে তাদের প্রেমিকাকে এই দিনটিতে বিয়ের প্রস্তাব দিত। এটা বিশ্বাস করা হয় যে বিংশ শতাব্দীর শেষের দিকে ভ্যালেন্টাইন্স সপ্তাহের জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রপোজ ডেও বিশেষ গুরুত্ব পেতে শুরু করে। প্রাচীনকালে পাশ্চাত্য সংস্কৃতিতে পুরুষরা হাঁটু গেড়ে বসে তাদের বান্ধবীদের কাছে বিয়ের প্রস্তাব দিত।
তবে, এই ঐতিহ্য আজও পালন করা হয়, যা যুগলের মধ্যে প্রেমের সম্পর্ক বৃদ্ধি করে। তবে সারা বিশ্বের মতো ভারতেও, গত কয়েক দশকে ভ্যালেন্টাইন্স সপ্তাহের সঙ্গে প্রপোজ ডে-র প্রবণতা অনেক বেড়েছে। এই দিনটি পছন্দের মানুষের কাছে ভালোবাসা প্রকাশের সুযোগ করে দেয়।
যাইহোক, যারা দীর্ঘদিন ধরে কাউকে পছন্দ করেন কিন্তু তাদের অনুভূতি প্রকাশ করতে অক্ষম, তাদের জন্য এই দিনটি উপযুক্ত সুযোগ। যদি দিনটিকে বিশেষ করে তুলতে চান, তাহলে সঙ্গী বা পছন্দের মানুষটিকে ওপরে দেওয়া সাজেশন অনুযায়ী প্রস্তাব দিতে পারেন।