এমটিনিউজ২৪ ডেস্ক : আর মাত্র দুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের দিন সারাদেশে তাপমাত্রা কমতে পারে—এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। কিন্তু ভোটের আগের দিনগুলোতে অর্থাৎ ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
তবে ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি শুক্রবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় এ সময় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯, বিভাগীয় শহর রাজশাহীতে ১১ দশমিক ৫, রংপুর ও ময়মনসিংহে ১৩, সিলেটে ১১ দশমিক ৭, চট্টগ্রামে ১৬, খুলনায় ১৩ দশমিক ১ এবং বরিশালে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।