সোমবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩২:২৮

এবার যা জানানো হলো পে স্কেল বাস্তবায়ন নিয়ে

এবার যা জানানো হলো পে স্কেল বাস্তবায়ন নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, নতুন পে-স্কেল বাস্তবায়ন কর আদায় না বাড়িয়ে করা হলে সরকারের ওপর ব্যাংক ঋণের চাপ আবারও বাড়বে এবং এতে মূল্যস্ফীতি উসকে দিতে পারে।

সোমবার(৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর এ সতর্কতা দেন। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা ও আস্থাহীনতার কারণে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম হয়েছে। বাজেটে কাটছাঁটের পরও ব্যাংকখাত থেকে ঋণের হার বেড়েছে।

গভর্নর আরও জানান, ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের প্রয়োজন রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনি প্রতিশ্রুতিতে আর্থিক খাতের সংস্কারের বিষয়ে দলগুলো প্রতিশ্রুতিশীল হবে।

চলতি অর্থবছরে বাজার থেকে ৪ বিলিয়ন ডলার কেনা হয়েছে জানিয়ে গভর্নর বলেন, গত এক বছরে ডলার কেনা হয়েছে, তবে কোনো ডলার রিজার্ভ থেকে বিক্রি করা হয়নি। তিনি বলেন, চার বছরে আইএমএফ যে ঋণ দেয়ার কথা তার থেকেও বেশি ডলার রিজার্ভে কেনা হয়েছে।

মুদ্রানীতি সফল হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় গভর্নর মন্তব্য করেন, মূল্যস্ফীতি ৭ শতাংশে নামানো আমাদের একমাত্র লক্ষ্য, বাকি সূচকগুলোতে আমরা সফল হয়েছি। আশা করি মূল্যস্ফীতিও কমবে। 

তিনি বলেন, একটি লক্ষ্য পূরণ হয়নি বলে পলিসি রেট কমানো হবে না। রিজার্ভের অবস্থা ভালো রয়েছে এবং আইএমএফ-এর শর্ত অনুযায়ী তা যথেষ্ট শক্তিশালী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে