এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের নাওডোবা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জের সদরের বাহারুল সরদারের ছেলে আকাশ সরদার (৩১) ও একই মুকসুদপুরের মো. সাফার মোল্লার ছেলে মো. ইউনুস মোল্লা (৪০)। আকাশ স্টার এক্সপ্রেস বাসের হেলপার ও ইউনুস একই বাসের সুপার ভাইজার।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসে খান পরিবহনের যাত্রীবাহী একটি বাস। পদ্মা সেতু পার হয়ে নাওডোবা গোলচত্বর এলাকায় এসে যাত্রী নামায় বাসের হেলপার। এ সময় বেপরোয়া গতিতে থাকা স্টার এক্সপ্রেসের অপর একটি বাস, খান পরিবহনকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় স্টার এক্সপ্রেসের হেলপার ঘটনাস্থলে নিহত হন। আহত হন সুপারভাইজারসহ আরো ১১ জন। তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় স্টার এক্সপ্রেসের সুপারভাইজার।
দুর্ঘটনার পর বাস দুটি জব্দ করেছে শিবচর হাইওয়ে থানা পুলিশ।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ শাহাদাত হোসাইন বলেন, খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।