এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনের সামনে থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ রয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাদের আটক করা হয়।
জানা গেছে, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আটককৃত ব্যক্তিদের সন্দেহভাজন আচারণের কারণে তাদের আটক করা হয়। পরে তাদের গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তার বাসার সামানে গেছিলেন। এসময় দায়িত্বরত নিরাপত্তা সংস্থার সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা সরে যেতে রাজি হননি। পরে আমাদেরকে জানানো হলে, ঘটনাস্থলে যেয়ে তাদের আটক করে থানায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে আমরা জেনেছি তারা পেশায় ভিক্ষুক। জিজ্ঞাসাবাদ শেসে সন্দেহজনক কিছু না পেলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।