এমটিনিউজ২৪ ডেস্ক : ময়মনসিংহ নগরীর শিববাড়িতে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় আবারও ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে কার্যালয়টি ভাঙচুর করে ছাত্র-জনতা। এবার কার্যালয়টির ফটকের পাশের দেয়ালটি একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল নূর মোহাম্মদ আয়াস এ ভাঙচুরের নেতৃত্ব দেন। ভাঙচুর শেষে স্থান ত্যাগ করার পর পুলিশ ঘটনাস্থলে আসে। তবে এ সময় সেখানে আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি।
গত শনিবার (২১ শে ফেব্রুয়ারি) কার্যালয়টিকে এসে জাতীয় পতাকা উত্তালন করেন আওয়ামী লীগের কয়েকজন নেতা।
বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে নূর মোহাম্মদ আয়াস বলেন, নিষিদ্ব আওয়ামী লীগ দলীয় কার্যক্রম চালাচ্ছে। তাদের এমন কাজ করতে দেওয়া হবে না। তাই তাদের কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে। এটিকে তারা পাবলিক টয়লেটে পরিণত করার ঘোষণা দিয়েছেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, তিনি ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছেন। বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।