মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৩৮:২০

হঠাৎ অর্ধেকে নেমে এলো সব সবজির দাম

হঠাৎ অর্ধেকে নেমে এলো সব সবজির দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : পবিত্র রমজান মাসে দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে প্রায় সব ধরনের সবজির দাম। চলতি রবি মৌসুমে ফলন বেশি এবং চাহিদার তুলনায় বাজারে সরবরাহ বেশি থাকায় সবজির দাম কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের ভেতর। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হিলির সবজি বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই দিনের ব্যবধানে বাজারে সবজির দাম প্রায় অর্ধক কমেছে।

দুই দিন আগে যে শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা আজ বিক্রি হচ্ছে ৩০ টাকায়। দাম কমেছে বেগুনেরও। প্রতি কেজি বেগুন ৬০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে। পাশাপাশি প্রতি কেজি গাজর ৪০ টাকার জায়গায় বিক্রি হচ্ছে ২০ টাকায় কেজি দরে। আর কেজিতে ১০ টাকা কমে টমেটো বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে।

বাজারে ৪০ টাকার মটরশুঁটি বিক্রি হচ্ছে ২০ টাকা কেজিতে, ২৫ টাকা পিসের ফুলকপি ১৫ টাকা, ১৫ টাকা পিসের বাঁধাকপি ১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মৌসুমের নতুন সবজি করলার কেজি ২০০ টাকা এবং ভারত থেকে আমদানি করা শজনে ডাঁটা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। বাজারে পেঁয়াজের দামও কমেছে।

১০ টাকা কমে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। ১২০ টাকার কাঁচামরিচ ৯০ টাকা কেজি, ১৪ টাকার কেজির আলু বিক্রি হচ্ছে ১০ টাকা কেজিতে। ২০ টাকা দাম কমে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৩০ টাকায়।  

হিলি বাজারে সবজি কিনতে আসা ভ্যানচালক আজগর আলী বলেন, রমজান মাসের শুরুতে সব সবজির দাম অনেক বেশি ছিল। আজ বাজারে এসে দাম কম দেখে অনেক খুশি হলাম।

রিয়াদ নামের অপর এক ক্রেতা বলেন, প্রতিবছর রমজান মাস এলেই বিশেষ করে কয়েকটি দরকারি সবজির দাম কয়েকগুণ বেড়ে যায়। এবার চিত্র আলাদা। প্রত্যেকটি সবজির দাম অনেক কমে গেছে। কম দামে পেয়ে বেশি বেশি করে কিনলাম।”

সবজি ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, গত দুই দিনে সব সবজির দাম কমে গেছে। আমরা বিরামপুর, পাঁচবিবি ও আক্কেলপুর থেকে এসব সবজি পাইকারি দরে কিনে থাকি। এই অঞ্চলে এবার সবজির ফলন অনেক ভালো হয়েছে। গত দুই দিন ধরে স্থানীয় এবং মোকামগুলোতে সবজির আমদানি পর্যাপ্ত হচ্ছে। এ কারণে দামও নাগালের মধ্যে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে